‘অসুস্থ হলে র্যাবকে ডাকবেন’
এইচ এম এরশাদের নাটকীয় অসুস্থতার দিকে ইঙ্গিত করে সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বিএনপিপন্থী আইনজীবীদের পরামর্শ দিয়েছেন, অনশনে তারা অসুস্থ হয়ে পড়লে যেন র্যাবকে খবর দেন।
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে কর্মসূচিতে হামলাকারী সরকার সমর্থকদের শাস্তির দাবিতে বৃহস্পতিবার বিরোধী দল সমর্থক আইনজীবীদের দিনব্যাপী অনশন কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্যে এই পরামর্শ দেন তিনি।
বিকল্পধারা সভাপতি ডা. বি চৌধুরী বলেন, “এরশাদ অসুস্থ হওয়ার পর র্যাব তাকে হাসপাতালে নিয়ে গেছে। এটা কি র্যাবের কাজে মধ্যে পড়ে? আপনারা অসুস্থ হলে র্যাবকে ডাকবেন।”
জাতীয় পার্টি চেয়ারম্যান এরশাদ গত মাসে র্যাবের পাহারায় সিএমএইচে ভর্তি হন। তাকে আটক রাখা হয়েছে বলে দলের একাংশের পক্ষ থেকে অভিযোগ করা হলেও আরেক অংশ থেকে তা অস্বীকার করা হয়েছে।
বিরোধী দলবিহীন নির্বাচনে এরশাদকে ‘জোর করে’ নেয়া হয়েছে বলেও বি চৌধুরী দাবি করেন।
আইনজীবীদের ওপর হামলার নিন্দা জানিয়ে সাবেক এই রাষ্ট্রপতি বলেন, “বর্বরভাবে আইনজীবীদের ওপর হামলা চালানো হয়েছে। সারা দেশের আইনকে যারা রক্ষা করে, তাদের বিরুদ্ধে এই হামলা!”
৫ জানুয়ারির নির্বাচন নিয়ে তিনি বলেন, “১৫৩টি আসনের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। জনগণের ভোটের অধিকার অধিকার কেড়ে নিয়ে বাকি আসনগুলোতে নির্বাচন করা হচ্ছে। এ ধরনের ঘটনা আর কখনো ঘটেনি।”
“আমরা এই অন্যায় নির্বাচনকে ঠেকিয়ে রাখতে সরকার ছাড়া সকলে একত্রিত হয়েছি। মানুষকে বঞ্চিত করে এভাবে কোন দেশ চলতে পারে না,” বলেন বি চৌধুরী।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন প্রাঙ্গণে এই অনশন কর্মসূচিতে কৃষক, শ্রমিক, জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী ও জাসদ (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রবও সংহতি জানান।
