বিএনপির সাংসদরা বঙ্গভবনে যাচ্ছেন শুক্রবার
বিরোধী দলীয় নেতার বাড়ির সামনে পুলিশি কড়াকড়ির বিষয়ে স্পিকারের হস্তক্ষেপ চাওয়ার পর শুক্রবার বিকালে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে দেখা করতে যাচ্ছেন বিএনপির সাংসদরা।
বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক বৃহস্পতিবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়েছি। তার সামরিক সচিব জানিয়েছেন, শুক্রবার বিকাল ৪টায় সাক্ষাতের সময় নির্ধারণ করা হয়েছে।”
খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবে বলে জানান তিনি।
ফারুকের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধি দল সকালে জাতীয় সংসদ ভবনে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে দেখা করেন এবং একটি স্মারকলিপি দেন।
বিরোধী দলীয় নেতাকে তার বাড়িতে ‘অবরুদ্ধ’ করে রাখা হয়েছে দাবি করে স্পিকারের হস্তক্ষেপ চান তারা।
ঢাকামুখী অভিযাত্রা ও নয়া পল্টনে সমাবেশ করতে না পেরে ৫ জানুয়ারির ‘একতরফা’ নির্বাচন ঠেকাতে বুধবার বছরের প্রথম দিন থেকেই সারা দেশে লাগাতার অবরোধ শুরু করেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া গত রোববার নয়া পল্টনে যেতে চাইলেও পুলিশের বাধায় তিনি গুলশানের বাসা থেকে বের হতে পারেননি।
খালেদাকে ‘কার্যত গৃহবন্দি’ করে রাখা হয়েছে বলে বিএনপি অভিযোগ করলেও সরকারের পক্ষ থেকে বিষয়টি অস্বীকার করা হয়েছে।
