২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন ব্যাহত হলে জটিল হবে রাজনীতি: মঞ্জু

আসন্ন নির্বাচন ব্যাহত হলে ২৪ জানুয়ারির পর রাজনীতি আরো ‘জটিল ও কঠিন’ হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2014, 12:13 AM

Updated : 01 Sep 2026, 05:58 PM

বুধবার রাতে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) ভাষণে তিনি এ মন্তব্য করেন। দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া ১২টি দলের মধ্যে ছয়টি দলের প্রধান বা প্রতিনিধিরা  বিটিভিতে ভাষণ দিচ্ছেন।

বুধবার প্রথম ছয়টি দলের মধ্যে আনোয়ার মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টি জেপি’র পালা ছিলো। বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকে বাকি ছয় দলের প্রতিনিধিরা বিটিভিতে ভাষণ দেবেন।

মঞ্জু বলেন, আগামী ৫ জানুয়ারী নির্বাচন যারা ব্যাহত করার চেষ্টা করছেন তাদের সে কামনা ও বাসনা যেন সফল না হয়। তাদের কামনা ও বাসনা সফল হলে ২৪ জানুয়ারির পর রাজনীতি আরো জটিল ও কঠিন হবে।

দশম নির্বাচন নিয়ে তর্ক ও বির্তক চলার পরও ‘৮৮ ও ‘৯৬ সালের নির্বাচনের চেয়ে এটি অনেক ভালো বলে মঞ্জু দাবি করেন।

নির্বাচনকালীন সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা আনোয়ার হোসেন মঞ্জু পিরোজপুরের একটি আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইতোমধ্যেই নির্বাচিত হয়েছেন।

ভাষণে মঞ্জু বলেন, “গণতান্ত্রিক প্রক্রিয়াকে টিকিয়ে রাখতে ১৯৮৬ সালে জাতীয় পার্টির জন্ম হয় এবং এখন পর্যন্ত সকল নির্বাচনে অংশ নিয়েছে।”

“গত ৪২ বছরে যে অর্থনৈতিক উন্নয়ন হয়েছে তা আন্তর্জাতিকভাবে প্রশংসা পেয়েছে। কিন্তু শিল্পক্ষেত্রে তা আকাঙ্ক্ষার চেয়ে পিছিয়ে রয়েছে। তবে কৃষিক্ষেত্রে যে উন্নয়ন তা অনেকের ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছে।”

বর্তমানে দেশের অর্থনীতিকে যেভাবে ধ্বংস করার চেষ্টা চলছে তা কোন দেশপ্রেমিক রাজনীতিকের পক্ষে সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, “যারা পোড়ামাটিতে অর্থনীতি ধ্বংস করার চেষ্টা করছেন তারাও একদিন ক্ষমতায় আসবেন।”