২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলবাদ রুখতে নির্বাচনে ওয়ার্কার্স পার্টি-জাসদ

দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়াকে সন্ত্রাস, মৌলবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে নিজেদের অবস্থান হিসাবে দেখছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2014, 10:52 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

বুধবার রাতে নির্বাচন উপলক্ষে বিটিভিতে দেয়া ভাষণে দুই দলের প্রধান এ কথা বলেন। জয়ী হলে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ, মসজিদ-মন্দির-উপসনালয়ে রাজনীতি নিষিদ্ধের ঘোষণাও এসেছে ভাষণে।

রাশেদ খান মেনন বলেন, আশির দশক থেকেই এদেশে মৌলবাদের উত্থান সম্পর্কে কথা বলে আসছে ওয়ার্কার্স পার্টি। কিন্তু মৌলবাদের তত্পরতার বিরুদ্ধে মৌলবাদ বিরোধ শক্তি কার্যকর ঐক্য গড়ে তুলতে পারেনি।

“আমরা এরপর ঐক্য গড়েছি, আমাদের সরকারের অনেক সাফল্য রয়েছে। অবশ্য পদ্মা সেতু, হলমার্কের মতো ঘটনা এই সফলতার অনেকখানি ম্লান করে দিয়েছে। তবে সরকারের সঙ্গে থেকেও আমরা সরকারের সমালোচনা থেকে বিরত থাকিনি।”

নির্বাচন নিয়ে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে সর্বদলীয় সরকারে যোগ দেয়ার কথাও জানান তিনি। রাশেদ খান মেনন বলেন, “এখানে একদিকে মৌলবাদী শক্তি রয়েছে। তাদের সহযোগী হিসাবে আরেকটি শক্তি রয়েছে, যারা মুখে জামায়াত বিরোধিতা করলেও মূলত এদের রক্ষার ষড়যন্ত্রে লিপ্ত। এই জটিল রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের সরকার গঠনের আমরা এই নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি।”

“এই প্রজাতন্ত্রের মালিক জনগণ, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে।”

ইশতেহারে ১৪ দফা ঘোষণা করে ওয়ার্কার্স পার্টির প্রার্থীদের ভোট দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচিত হলে এসব কর্মসূচি বাস্তবায়নে আমরা কাজ করবো।

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদের) সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া বলেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে। সংসদ চাইলে আরো দুই মেয়াদে তত্ত্বাবধায়ক সরকার রাখা যেতে পারে বলে সুপ্রিম কোর্ট মত দিলেও সাবেক বিচারপতিদের এই প্রক্রিয়ার বাইরে রাখতে বলা হয়।

“এরপর সংবিধান সংশোধন জরুরি হয়ে যায়। নানা প্রক্রিয়ার মধ্য দিয়ে সংবিধান সংশোধনের কোন প্রক্রিয়ায় বিএনপি অংশ না নিয়ে কালক্ষেপণ করেছে। এরপর আলোচনার সব সুযোগ শেষ করে দিয়েছে, যাতে নির্বাচন অনুষ্ঠান করা না যায়।”

“বিএনপি জামায়াত যেখানে সাংবিধানিক প্রক্রিয়ার বিরুদ্ধে দাড়িয়েছে, সেখানে গণতন্ত্র বিরোধী শক্তিকে রুখতে, সন্ত্রাস জঙ্গীবাদ রুখতে জাতীয় কর্তব্য মনে করে জাতীয় সমাজতান্ত্রিক পার্টি নির্বাচনে গেছে।”

জয়ী হলে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ, মসজিদ-মন্দির-উপসনালয়ে রাজনীতি নিষিদ্ধে কাজ করার ঘোষণা দেন তিনি।