‘জামাতি চাপে অবস্থান পাল্টেছেন মোহাম্মদ আলী’
প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকে সভা-সমাবেশ না করার বিষয়ে মতৈক্য হলেও চাপে পড়ে আইনজীবী সমিতির সভাপতি এজে মোহাম্মদ আলী অবস্থান পাল্টেছেন বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
বুধবার দুপুরে বিএনপিপন্থী আইনজীবীরা সুপ্রিম কোর্ট চত্বরে মিছিল-সমাবেশ করার পর একথা বলেন তিনি।
মাহবুবে আলম বলেন, “প্রধান বিচারপতি গতকাল ডেকে আমাদের বক্তব্য শুনলেন। সেখানে এজে মোহাম্মদ আলী বলেছেন, তিনি ব্যক্তিগতভাবে মিছিল সমাবেশের পক্ষে না। অতীতে তিনি মিছল সমাবেশে যেতেন না। এখনো খুব একটা যান না।
“পরে সুপ্রিম কোর্টের মর্যাদা রক্ষায় ঐক্যমত হয়। সেখানে তিনিও(এজে মোহাম্মদ আলী) ঐক্যমতের ভিত্তিতে বলেছেন, সুপ্রিম কোর্টের মর্যাদা রক্ষা করবেন। সভা-মিছিল করা হবে না। তবে দরকার হলে মাজার গেট ব্যবহার করবেন বলে মত প্রকাশ করে এসেছেন।”
মঙ্গলবারের ওই বৈঠকের পর সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের পাশাপাশি বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের সেক্রেটারি মো. বদরুদোজ্জা বাদলও সমঝোতার বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন।
তবে বুধবার এক সংবাদ সম্মেলনে আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এজে মোহাম্মদ আলী বলেন, সভা-সমাবেশ না করার ব্যাপারে কোনো সমঝোতা হয়নি। এর পরপরই সুপ্রিম কোর্ট চত্বরে মিছিল-সমাবেশ করেন বিএনপি ও তাদের জোটসঙ্গী জামায়াতে ইসলামী সমর্থক আইনজীবীরা।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, “উনার ওপর জামাতি চাপ বা বিএনপির হার্ডলাইনারদের চাপ থাকায় হয়তো মিছিল সভা করা হয়েছে। তা না হলে উনি আজও মিছিলে যেতেন।”
“আমি যখন বারের সভাপতি ছিলাম তখন মিছিল সমাবেশ না করার বিষয়ে একটা রায় হয়। তখন মাজার গেইট দিয়ে বেরিয়ে আমরা মিছিল সমাবেশ করতাম। আইন ভঙ্গ করিনি।”
গত রোববার বিরোধীদলের সমাবেশে যোগ দিতে সুপ্রিম কোর্ট থেকে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীরা মিছিল বের করলে তাতে বাধা দেয় পুলিশ। এক পর্যায়ে তাদের ধাওয়া দিয়ে সুপ্রিম কোর্টের ফটক খুলে আদালত চত্বরে ঢুকে পড়ে সরকার সমর্থকরা। তাদের হামলায় বিরোধী দল সমর্থক তিন আইনজীবী আহত হন। পরদিনও সুপ্রিম কোর্টের ফটকে বিক্ষোভরত বিরোধী দলের আইনজীবীদের সঙ্গে যুব মহিলা লীগ কর্মীদের ঢিল ছোড়াছুড়ি হয়।
দুই দিনের সংঘাতের ইঙ্গিত করে মাহবুবে আলম বলেন, “যে ঘটনা ঘটেছে তা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত। যে ঘটনা ঘটেছে তা অতিক্রম করে আমাদের এগিয়ে যেতে হবে। সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠানের দিকে সবাইকে তাকাতে হবে। সুপ্রিম কোর্টে আমরা আইনজীবীরা কোনো সময় হাতাহাতি করিনি। বহিরাগতদের প্রবেশ বা বাহিরের কোনো সিদ্ধান্ত দ্বারা পরিচালিত হলে এ ধরনের ঘটনা ঘটে।”
সভা-সমাবেশ না করার বিষয়ে সমঝোতার হওয়ার পরে তা অস্বীকারের মাধ্যমে বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
