অবরোধও ভেঙে ফেলতে পারব: ইমাম
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের ‘গণতন্ত্র অভিযাত্রা’ পণ্ডের পর আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম বলেছেন, ভোটকে সামনে রেখে বিরোধী জোটের অবরোধও ভেঙে দেবেন তারা।
মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এ সদস্য।
বিরোধী জোট ভোট ঠেকানোর ঘোষণা দিলেও ‘বিচ্ছিন্ন’ ঘটনা ছাড়া শান্তিপূর্ণ নির্বাচনের আশা করছেন প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা ইমাম।
তিনি বলেন, “ভোটের সময় বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পারব আমরা। এজন্য আইন শৃঙ্খলাবাহিনী তো রয়েছে। এবারকার অবরোধও আশা করি ভেঙে ফেলতে পারব।
“পুরোপুরি শান্তিপূর্ণ নির্বাচন হবে এ গ্যারান্টি দেয়া যাচ্ছে না। তবে আমরা এটুকু গ্যারান্টি দেব, সর্বাত্মক শান্তিপূর্ণ করার চেষ্টা করব।”
বিরোধী দলের বর্জনের মধ্যে ১৫৩ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেও বাকি ১৪৭ আসনে নির্বাচন নিয়ে ৫৯ জেলায় যথেষ্ট উৎসাহ-উদ্দীপনা রয়েছে বলে দাবি করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এই সদস্য।
তিনি বলেন, “ভোটকেন্দ্রে যাওয়ার জন্যে যে শান্তি শৃঙ্খলার দরকার তা থাকবে, দেশি-বিদেশি পর্যবেক্ষকও বেশ কিছু থাকবে। যে নির্বাচন হবে তাতে কারচুপিরও সুযোগ কারো থাকবে না।
বিরোধী দলের হুমকির বিষয়ে ইমাম বলেন, “ভয়টা দূর করার দায়িত্ব আমাদেরই। দেশের ভোটাররা দারুণ সচেতন। চেতনা থেকেই ভোট দিতে আসবে।”
বিরোধী দল আন্দোলনের নামে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য নির্বাচনের সময় নাশকতার চেষ্টা চালাবে বলে তার সন্দেহ।
“বিশৃঙ্খলার জন্য শুধু বিরোধী দল নয়। পেছনে জামায়াত-শিবিরের লোক, বা অন্য কোনো কেউ যোগ রয়েছে। এরা বাংলাদেশকে অস্থিতিশীল রাখতে চাচ্ছে, এটাই বড় লক্ষ্য। নির্বাচন হল কি না, সেটি নয়।”
নির্বাচন হয়ে যাওয়ার পর বিএনপির সঙ্গে ‘ধীরে সুস্থে’ আলোচনা চলতে পারে, বলেন ইমাম।
“সমঝোতার পথ সব সময় খোলা। দ্বন্দ্ব কোলাহল, বিশৃঙ্খলা, রাষ্ট্রের বিরুদ্ধে কর্মকাণ্ড বন্ধ করতে হবে- এ শর্ত তো থাকছেই। এক দিকে তলোয়ার হাতে, অন্যদিকে সমঝোতা- তা হবে না।”
লাগাতার অবরোধের ডাক
মাঠ আওয়ামী লীগের দখলে
