কুষ্টিয়ায় জামায়াত নেতা আওয়ামী লীগে
জামায়াতে ইসলামীকে স্বাধীনতা বিরোধী উল্লেখ করে কুষ্টিয়ায় দলটির এক নেতা আওয়ামী লীগে যোগদান করেছেন।
সোমবার রাতে কুষ্টিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফের এক নির্বাচনী জনসভায় গিয়ে নওশের আলী স্বাধীনতাযুদ্ধে নেতৃত্বদানকারী এ দলে যোগ দেন।
নওশের আলী জেলা জামায়াতের রোকন ছিলেন। এছাড়া জামায়াতপন্থী শ্রমিক সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি এবং জেলা বাস মিনিবাস মালিক সমিতির সহ-সভাপতিও।
আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, সোমবার রাত ৯টার দিকে শহরের কাটাইখানা মোড়ে স্থানীয় যুবলীগ এক নির্বাচনী সভার আয়োজন করেন। এতে প্রধান অতিথি ছিলেন সদর আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহবুব উল আলম হানিফ।
সভা চলাকালে মঞ্চে উঠে হানিফের হাতে হাত মিলিয়ে আওয়ামী লীগ যোগদানের ঘোষণা দেন নওশের আলী। এ সময় তিনি সংক্ষিপ্ত বক্তব্যও রাখেন।
বক্তৃতায় নওশের আলী বলেন, ইসলাম শান্তির ধর্ম। কিন্তু জামায়াতে ইসলামী আন্দোলনের নামে নাশকতামূলক কর্মকাণ্ড করছে, যা ইসলাম সমর্থন করে না।
“তাই এখন থেকে আমি আর জামায়াতের সঙ্গে নেই। স্বাধীনতার পক্ষের দল আওয়ামী লীগের সঙ্গে থেকে রাজনীতি করতে চাই,” বলেন তিনি।
ওই সভায় উপস্থিত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী জানান, জামায়াত নেতা নওশের আলী নিজে থেকেই জামায়াতের সাম্প্রতিক কর্মকাণ্ডকে ঘৃণা করে আওয়ামী লীগে যোগদান করেছেন।
এ ব্যাপারে নওশের আলীর সঙ্গে যোগাযোগ করে সাংবাদিক পরিচয় দিলে তিনি ফোন কেটে দেন।
জামায়াতের শীর্ষ কয়েকজন নেতার কাছে এ ব্যাপারে জানতে চাইলে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।
