সরকারের সমালোচনা ওয়ার্কার্স পার্টির ইশতেহারে
নির্বাচনী ইশতেহারে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের পাঁচ বছরের সাফল্য তুলে ধরার পাশাপাশি দুর্নীতির সমালোচনাও করেছে রাজনৈতিক শরিক দল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।
আগামী ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেয়া ইশতেহারে এই নির্বাচনকে মুক্তিযুদ্ধের চেতনার ধারাবাহিকতা রক্ষাসহ অসাম্প্রদায়িক গণতান্ত্রিক শক্তির বিকাশের নির্ণায়ক হিসেবে উল্লেখ করা হয়েছে।
মঙ্গলবার রাজধানীর তোপখানা রোডের আসাদ মিলনায়তনে আট পৃষ্ঠার দলীয় ইশতেহার ঘোষণা করেন ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং নির্বাচনকালীন সরকারের মন্ত্রী রাশেদ খান মেনন।
ইশতেহারে সরকারের সাফল্য তুলে ধরে বলা হয়, “অবশ্য দুর্নীতিও তাদের পিছু ছাড়েনি। পদ্মাসেতু, হলমার্ক, ডেসটিনি, শেয়ার কেলেঙ্কারি, নিয়োগ বাণিজ্য, চাঁদাবাজি সন্ত্রাস জোটের সাফল্যে কলঙ্ক এঁকে দিয়েছে।”
ওয়ার্কার্স পার্টি জোট সরকারের সরাসরি ক্ষমতার অংশীদার না হলেও রাজনৈতিক সংগ্রামে সরকারের সঙ্গে ছিল। তবে তাদের ব্যর্থতার সমালোচনা করতেও পিছপা হয়নি।”
সাফল্য তুলে ধরে এতে বলা হয়, মহাজোট সরকারের ব্যাপক নির্বাচনী সাফল্য এদেশের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক শক্তির মধ্যে সাহসের জায়গা সৃষ্টি করে, যা মুক্তিযুদ্ধের চেতনা পুনরুদ্ধারের একধাপ অগ্রগতি।
এছাড়া সীমাবদ্ধতা সত্বেও বাহাত্তরের সংবিধানের মূলনীতিমালা সংবিধানে সংযোজন (রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেয়া ছাড়া), নারীনীতি, শিক্ষানীতি, স্বাস্থ্যসেবা-সামাজিক সুরক্ষানীতি প্রণয়ন, কৃষি খাতে সাফল্যসহ ও শিক্ষাব্যবস্থা ও বিদ্যুৎ খাতে মহাজোট সরকারে সফলতার কথা তুলে ধরা হয়।
এতে বলা হয়, “বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ১০ম জাতীয় সংসদ নির্বাচনে ঐক্য সংগ্রাম ঐক্যের ধারায় যেমন ১৪ দলের সমঝোতার ‘নৌকা’ মার্কা প্রতীকে নির্বাচন করছে, তেমনি দেশের বিভিন্ন প্রান্তে শ্রমজীবী-মেহনতি মানুষের লড়াই-সংগ্রামের প্রতীক ‘হাতুড়ি’ মার্কা নিয়েও লড়াই করছে।”
ইশতেহারে বলা হয়, বিএনপি-জামাতের ঐক্য দক্ষিণপন্থী প্রতিক্রিয়ার কেন্দ্র হিসেবে চিহ্নিত হয়ে পড়েছে। গণতন্ত্র রক্ষার আড়ালে ফ্যাসিবাদী শক্তির আগমনের পথকে প্রশস্ত করে দিতে চায় তারা।
“আন্দোলনের নামে বিএনপি-জামায়াতের রাষ্ট্রবিরোধী যুদ্ধ, জনগণের উপর আক্রমণ, অর্থনৈতিক ভিত্তি ধ্বংস করা, সংখ্যালঘুদের উপর সাম্প্রদায়িক আক্রমণকে তারা নিন্দা না জানিয়ে গণতন্ত্রের ‘ইনক্লুসিভ’ অংশীদার করতে বাধ্য করতে চাচ্ছে। এগুলোও বাংলাদেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র। ’৭১-এর পরাজয় পুষিয়ে নেবার অপচেষ্টা।”
জটিল এই রাজনৈতিক সমীকরণের মধ্যে এই নির্বাচনের লক্ষ্য হবে জনগণের শক্তিকে সাহস নিয়ে সংগঠিত করা।
অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য, শ্রমজীবী মেহনতি জনগণকে জিম্মি করে যারা বাংলাদেশের চেতনাকে পরাজিত করতে চাচ্ছে তাদের বিরুদ্ধে সংগঠিত লড়াই ছাড়া অন্য কোনো পখ খোলা নেই এতে উল্লেখ করা হয়েছে।
এসময় দলের সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক, পলিটব্যুরোর সদস্য শফিউদ্দিন আহমেদ, নুর আহমদ বকুল, কামরূল আহ্সান, কেন্দ্রীয় নেতা আলী আহমেদ এমরান, আকসীর এম চৌধুরী, আব্দুল খালেক ও দিপংকর সাহা দিপু উপস্থিত ছিলেন।
