২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার বাড়িতে কড়া পাহারা

যে কোনো মূল্যে নয়া পল্টনে সমাবেশের ঘোষণা দিয়ে তাতে খালেদা জিয়া উপস্থিত থাকবেন বলে বিএনপির পক্ষ থেকে জানানোর পরপরই বিরোধীদলীয় নেতার গুলশানের বাড়িতে পুলিশ পাহারা জোরদার করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2013, 08:30 PM

Updated : 01 Sep 2026, 05:57 PM

সমাবেশ হবে, থাকবেন খালেদাও: বিএনপি

কার্যালয়ে একাকী খালেদা

শনিবার সন্ধ্যায় বিএনপির সহসভাপতি হাফিজউদ্দিন আহমেদের সংবাদ সম্মেলনের পর খালেদার গুলশানের বাড়ির সামনের সড়কে দুই পাশেই ব্যারিকেড তৈরি করেছে পুলিশ। ফটকের সামনে মহিলা পুলিশও অবস্থান নিয়েছে।

রাত ৮টার দিকে খালেদা জিয়ার দলীয় কার্যালয়ে যাওয়ার কথা থাকলেও সাড়ে ৮টা পর্যন্ত তিনি বের হননি।

রাত ৯টার দিকে পুলিশের গাড়ির পেছনেই রাস্তায় আড়াআড়িভাবে দুটি বালুভর্তি ট্রাক থেমে থাকতে দেখা গেছে। ওই ট্রাকের চালকরা জানিয়েছেন, তাদেরকে সেখানে থাকতে বলা হয়েছে।এদিকে খালেদা জিয়ার ব্যাক্তিগত প্রটোকলের গাড়িটিও সরিয়ে দেয়া হয়েছে বলে বিএনপি নেতারা অভিযোগ করলেও তা অস্বীকার করেছেন ঢাকা মহানগর পুলিশের গুলশান জোনের সহকারী কমিশনার নুরুল আলম।

মহিলা পুলিশ কেন আনা হয়েছে- জানতে চাইলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিরোধী দলের নেত্রীর অধিকতর নিরাপত্তার জন্যই সেখানে মহিলা পুলিশ রাখা হয়েছে।”

খালেদার যাতায়াতের ক্ষেত্রে কোনো বাধার সৃষ্টি করা হচ্ছে না বলেও দাবি করেন এই পুলিশ কর্মকর্তা।

গত মঙ্গলবার ‘ঢাকামুখী কর্মসূচি’ ঘোষণার পরপরই খালেদার বাড়ির পাহারায় পুলিশ বাড়ানো হয়। তবে এর মধ্যেই বুধ ও বৃহস্পতিবার বাড়ি থেকে গুলশানের কার্যালয়ে যান তিনি।

বুধবার কার্যালয়ের সামনে থেকে পুলিশ বিভিন্ন নেতাকে আটক এবং ফিরিয়ে দেয়ার পর বৃহস্পতিবার একাকীই কার্যালয়ে তিন ঘণ্টা অবস্থান করেন বিএনপি চেয়ারপারসন।

নির্বাচন প্রতিহত করার আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলনের পর মঙ্গলবার খালেদার বাড়ির পাহারায় পুলিশের সংখ্যা দ্বিগুণ করা হয়। পুলিশের বক্তব্য, বিএনপি নেত্রীর নিরাপত্তার স্বার্থেই পাহারা জোরদার করা হয়েছে।

ওই বাড়িতে ঢোকার পথে বুধবার গ্রেপ্তার হন বিএনপির সাবেক সংসদ সদস্য সরদার সাখাওয়াত হোসেন বকুল। প্রায় দুই মাস আগে ওই বাড়ি থেকে পুলিশ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু ও বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসকেও আটক করা হয়।

রোববার নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ। তবে হাফিজ শনিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে বলেছেন, সকাল থেকে তারা সমাবেশ শুরু করবেন এবং খালেদা জিয়া যে কোনো সময় এতে যোগ দেবেন।

খালেদা জিয়া একদিন আগে এক ভিডিও বার্তায় তিনি উপস্থিত হতে না পারলেও সমাবেশ চালিয়ে যাওয়ার আহ্বান জানান। সেইসঙ্গে সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে বলেন তিনি।