২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘শুভবুদ্ধি উদয়ের’ আশায় বিএনপি

সমাবেশের অনুমতি না মিললেও বিএনপি আশা প্রকাশ করেছে ‘সরকারের শুভবুদ্ধির উদয় হবে’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2013, 08:06 PM

Updated : 01 Sep 2026, 05:57 PM

শুক্রবার সন্ধ্যায় এক জরুরি সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেন, “ইলেক্ট্রনিক মিডিয়ার খবর থেকে জানতে পেরেছি, মহানগর পুলিশ সমাবেশের অনুমতি দেয়নি। তবে আমরা এখনো ডিএমপির কাছ থেকে লিখিত জবাব পাইনি। আমরা আশা করছি, সরকারের শুভবুদ্ধির উদয় হবে। তারা রোববার আমাদের শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে সর্বাত্মক সহযোগিতা করবে।’’

সমাবেশের অনুমতি যদি না পান- তাহলে কি করবেন- এই রকম প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা কর্মসূচি দিয়েছি। এতে সারাদেশে ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়েছে। আমরা গণতন্ত্রের পথে চলতে হাটছি, এই পথেই থাকবো।”

জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে রোববারের সমাবেশের অনুমতি না দেয়ার বিষয়ে দলের প্রতিক্রিয়া জানাতেই এই সংবাদ সম্মেলন ডাকা হয়।

ফাইল ছবি

ফাইল ছবি

ফাইল ছবি

আবদুল মঈন খান অভিযোগ করে বলেন, “সরকার ভোটবিহীন একতরফা নির্বাচনে মধ্য দিয়ে দেশে এক অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করেছে। আমরা দ্ব্যর্থহীনভাষায় বলে দিতে চাই, ১৫৪ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করে সরকার ৫ জানুয়ারি নির্বাচনকে ব্যর্থতায় পর্যবসিত করেছে।”

রোববারে নয়া পল্টনে গণতন্ত্রের অভিযাত্রার কর্মসূচি সম্পর্কে তিনি বলেন, “সমাবেশ করতে না দিলে এটা প্রমাণিত হবে যে সরকার ভিন্নমতকে অবরুদ্ধ করে রাখতে চায়। এভাবে গণতন্ত্রের অগ্রযাত্রাকে তারা বন্ধ করে রাখতে পারবে না।”

একই সঙ্গে বিরোধী দলীয় নেতার গুলশানের বাসভবন, তার কার্যালয় ও নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় কার্যালয় পুলিশ অবরুদ্ধ করে রেখেছে বলে অভিযোগ করেন আবদুল মঈন খান।

সংবাদ সম্মেলনে সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি ও শামীমুর রহমান শামীম উপস্থিত ছিলেন।

সমাবেশের অনুমতি পাচ্ছে না বিএনপি