বগুড়ায় আমুর সভা চলাকালে বোমা বিস্ফোরণ
ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা এবং ভূমি মন্ত্রী আমীর হোসেন আমুর উপস্থিতিতে বগুড়ায় আওয়ামী লীগের একটি কর্মীসভা চলাকালে সভাকক্ষের বাইরে হাতবোমার বিস্ফোরণ হয়েছে।
শুক্রবার দুপুরে জেলা শহরের শহিদ টিটু মিলনায়তনে এই ঘটনায় কেউ আহত হয়নি এবং সভার কাজেও কোনো বিঘ্ন ঘটেনি।
কারা এ হামলা করেছে তাৎক্ষণিকভাবে পুলিশ তা নিশ্চিত করতে পারেনি।
বগুড়ার পুলিশ সুপার মোজাম্মেল হক বলেন, কঠোর নিরাপত্তার মধ্যেও যারা এ ধরনের নাশকতা করার চেষ্টা করেছে তাদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা হবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ ও র্যাবের কঠোর নিরাপত্তার মধ্যে কর্মীসভায় রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন বক্তব্য দেয়ার সময় হলরুমের বাইরে একটি হাতবোমার বিস্ফোরণ ঘটে।
এসময় উপস্থিত পুলিশ-র্যাব সদস্যরা দুর্বৃত্তদের ধরতে এদিক-ওদিক ছোটাছুটি করেও কাউকে ধরতে পারিনি।
সভায় প্রধান অতিথি আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য আমীর হোসেন আমু বলেন, আন্দোলনের নামে বিরোধী দল দেশে মানুষ হত্যা ও নাশকতা করছে। আওয়ামী লীগও এক সময় আন্দোলন করেছে, কিন্তু এভাবে মানুষ হত্যা, নারী নির্যাতন, লুটতরাজ করেনি। রেলপথ উপড়ে ফেলেনি।
আগামী ৫ জানুয়ারির নির্বাচন যেন কেউ বানচাল করতে না পারে সেজন্য দলের নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান আমু।
জেলা আওয়ামী লীগ সভাপতি মমতাজ উদ্দিনের সভাপতিত্বে কর্মীসভায় বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন, সাবেক সাংগঠনিক সম্পাদক সংসদ সদস্য আব্দুল মান্নান ও বর্তমান সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন প্রমুখ।
