২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমাবেশের অনুমতি পাচ্ছে না বিএনপি

বিএনপিকে রোববার ঢাকায় সমাবেশ করার অনুমতি দেয়া হবে না বলে জানিয়েছে পুলিশ কর্তৃপক্ষ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2013, 03:18 PM

Updated : 01 Sep 2026, 05:57 PM

ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার মাসুদুর রহমান (মিডিয়া) শুক্রবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জন নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সমাবেশের অনুমতি না দেয়ার সিদ্ধান্ত হয়েছে।”

এর ঘণ্টা দুই আগে পুলিশ মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার জানিয়েছিলেন, সমাবেশের অনুমতির বিষয়ে ‘সময়মতো’ বিএনপিকে জানানো হবে।

“কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনা করছে। সময়মতো তাদের জানানো হবে।”

রাজশাহীতে বিরোধীদলের বোমায় নিহত পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ চন্দ্র সরকারের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জাননো পর শুক্রবার রাজধানীর রাজারবাগে সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন পুলিশ বাহিনীর প্রধান।

৫ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনকে ‘প্রহসনের ভোট’ আখ্যায়িত করে তা প্রতিহতের জন্য রোববার ঢাকা অভিমুখে পদযাত্রা ও সমাবেশের এই কর্মসূচি দেয় বিএনপি নেতৃত্বাধীন বিরোধী দলীয় জোট।

পাঁচ দফা টানা অবরোধের পর বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন।

পরদিন বিএনপির একটি প্রতিনিধি দল নয়া পল্টনে সমাবেশের অনুমতি ও সহযোগিতা চেয়ে ঢাকা মহানগর পুলিশের কোছে আবেদনও করে।

সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ইতমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকায় জড়ো হতে শুরু করেছেন বিএনপিরসহ ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা। বিভিন্ন স্থানে বাস-লঞ্চ বন্ধ রেখে নেতাকর্মীদের ঢাকা আসার পথে বাধা সৃষ্টিরও অভিযোগ তুলেছেন বিএনপি নেতারা।

বিএনপি চেয়ারপার্সন ইতোমধ্যে সরকারকে হুঁশিয়ার করে বলেছেন, সমাবেশ করতে বাধা দিলে পরিণতি ভাল হবে না।

টানা হরতাল অবরোধে শতাধিক মানুষের প্রাণহানী ও ব্যাপক নাশকতার পর বিরোধী দলের এই নতুন কর্মসূচি নিয়ে জনমনে উদ্বেগ উৎকণ্ঠারও সৃষ্টি হয়েছে।

এ ক্ষেত্রে পুলিশের ভূমিকা কেমন হবে জানতে চাইলে মহাপরিদর্শক বলেন, “পুলিশ জনস্বার্থকেই সর্বোচ্চ গুরুত্ব দেবে।”

বিএনপি কর্মীদের ঢাকায় আসা প্রসঙ্গে তিনি বলেন, “বিষয়টি সম্পর্কে আমরা ওয়াকিবহাল। জনস্বার্থ সমুন্নত রেখেই পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”

সারা দেশে নেতা-কর্মীদের গণহারে গ্রেপ্তার করা হচ্ছে- বিএনপির এমন অভিযোগের জবাবে হাসান বলেন, “পুলিশ বিধি অনুসারেই অভিযান চালাচ্ছে ও গ্রেপ্তার করছে। কোনো কর্মকর্তা যদি বিধি না মানে, তাহলে সেই কর্মকর্তার বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে।”

রাজারবাগ পুলিশ লাইনে শ্রদ্ধা নিবেদন শেষে কনস্টেবল সিদ্ধার্থ সরকারের মরদেহ রংপুরে তার গ্রামের বাড়িতে পাঠানো হয়।

বৃহস্পতিবার রাজশাহীতে পুলিশের ট্রাকে ছোড়া ককটেলে নিহত হন কনস্টেবল সিদ্ধার্থ। গুরুতর আহত অবস্থায় ঢাকায় আনার পর রাতেই তার মৃত্যু হয়।

এ প্রসঙ্গে হাসান মাহমুদ খন্দকার বলেন, “বেশ কিছুদিন ধরেই একটি চক্র বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। আমাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হচ্ছে। সিদ্ধার্থের মৃত্যু সেই রকম একটি ত্যাগ।”