২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৮ দলের কর্মসূচি ইসির ‘বিষয় নয়’

১৮ দলের ‘গণতন্ত্র অভিযাত্রা’ কর্মসূচি বন্ধে ইসির পদক্ষেপ আওয়ামী লীগ প্রত্যাশা করলেও সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ জানালেন, এই কাজ তাদের নয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2013, 11:45 PM

Updated : 01 Sep 2026, 05:57 PM

বৃহস্পতিবার বিকালে আওয়ামী লীগ নেতারা অনুরোধ জানিয়ে আসার পর সন্ধ্যায় কার্যালয় থেকে বের হওয়ার সময় তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন।

নির্বাচন প্রতিহতের আহ্বান জানিয়ে খালেদা জিয়ার ডাকা ওই কর্মসূচি আইন অনুযায়ী ‘অপরাধ’ দাবি করে ইসিতে নালিশ নিয়ে গিয়েছিল ক্ষমতাসীন দল।

কাজী রকিব বলেন, “এটা তো কোনো নির্বাচনী সমাবেশ না, এটা ‘অন্য জিনিস’। কাজেই যাদের অ্যাকশন নেয়ার কথা উনারা অ্যাকশন নিচ্ছেন।”

এই কথার মধ্য দিয়ে কার্যত এই বিষয়ে পদক্ষেপ নেয়ার দায়িত্ব সরকারের ওপরই দিলেন সিইসি।

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের সকালে সচিবালয়ে সাংবাদিকদের বলেছিলেন, নির্বাচন চলাকালে এই ধরনের কর্মসূচি করতে ইসির অনুমতি লাগবে।

তার এ বক্তব্যের বিষয়ে সিইসি বলেন, “এটা তো নির্বাচনী সমাবেশ নয়। কাজেই ইসির অনুমতি দেয়ার প্রশ্নই ওঠে না।”

বড়দিনের ছুটি, তাই রুশ পর্যবেক্ষক নাই

যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও কমনয়েলথের পর বিরোধী দলবিহীন ৫ জানুয়ারির নির্বাচন পর্যবেক্ষণ না করতে আসছে না রাশিয়াও।

তবে তাদের সিদ্ধান্তের কারণ ভিন্ন বলে জানিয়েছেন সিইসি।

নিজের কার্যালয়ে বৃহস্পতিবার রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার এ নিকোলায়েভের সঙ্গে বৈঠক শেষে কাজী রকিব বলেন, “রাশিয়ায় ডিসেম্বর থেকে শুরু করে ১১ জানুয়ারি পর্যন্ত বড়দিনের ছুটি থাকে। ছুটির মধ্যে সব কিছু বন্ধ থাকে সেখানে।

“ছুটির কারণে নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর অনুরোধ তারা রাখতে পারছেন না।”

ইসি সচিবালয়ে যাওয়া রুশ রাষ্ট্রদূতের সঙ্গে পর্যবেক্ষণ ছাড়া অন্য কোনো বিষয়ে কথা হয়নি জানান কাজী রকিব।