২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জামায়াতের দুঃখে বিএনপির নির্বাচন বানচালের ষড়যন্ত্র’

জামায়াতে ইসলামী নির্বাচনে আসতে পারবে না এই দুঃখে বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া নির্বাচনে না এসে তা বানচালের ষড়যন্ত্র করছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2013, 08:14 PM

Updated : 25 Apr 2022, 07:43 PM

তিনি বলেছেন, “দশম জাতীয় সংসদ নির্বাচন হবেই। সন্ত্রাসী ও জঙ্গি দল হিসেবে আদালত জায়ামাতকে নিষিদ্ধ করেছে। তারা নির্বাচন করতে পারবে না। জামায়াতের দুঃখে জরজর হয়ে বিএনপি নেত্রী নির্বাচনে না এসে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন।

“আগামী ৫ জানুয়ারি বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। কোনো শক্তি নির্বাচন বানচাল করতে পারবে না। অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বাংলাদেশের মানুষ ভোট দেবেন। নৌকা মার্কার প্রার্থীকে বিপুলভাবে নির্বাচিত করবেন।”

নির্বাচনী প্রচারণার প্রথম দিনে বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ নির্বাচনী এলাকার টুঙ্গিপাড়ায় এক জনসভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

বিরোধী দলীয় নেত্রীর সমালোচনা করে শেখ হাসিনা বলেন, “ওনার জন্ম ভারতের শিলিগুড়িতে। এ জন্য বাংলাদেশের প্রতি ওনার কোনো দরদ নেই। জাময়াতকে উনি ছাড়তে পারেন না। যুদ্ধাপরাধী, জঙ্গি ও বঙ্গবন্ধুর খুনিদের দোষর হিসেবে কাজ করছেন।

“তাদের রক্ষায় হরতাল, অবরোধ দিচ্ছেন। ঘরবাড়ি, গাড়িতে আগুন দিচ্ছেন। আগুন দিয়ে পুড়িয়ে মানুষ হত্যা করছেন। ওনার হাত থেকে অবলা গরু পর্যন্ত রেহাই পাচ্ছে না। পেট্রোল বোমা মেরে গরু হত্যা করছেন। ওনার প্রতিহিংসার আগুনে সব জ্বলে পুড়ে ছাড়খার হয়ে যাচ্ছে।”

টুঙ্গিপাড়ার জিটি স্কুল মাঠে এই নির্বাচনী জনসভার আয়োজন করে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ।

খালেদা জিয়ার উদ্দেশ্যে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, “উনি কথায় কথায় হুমকি, আন্দোলন ও আল্টিমেটাম দেন। ওনার হুমকি-ধমকি ও আল্টিমেটামের শেষ নেই। উনি ৪৮ ঘণ্টার মধ্যে আমাকে দেশ ও ক্ষমতা ছাড়া করার আল্টিমেটাম দেন।

“২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা করে আমাকে হত্যা করতে চেয়েছিলেন। আইভি রহমানকে হত্যা করেছেন। আমাকে হত্যা করতে না পেরে তিনি জঙ্গি, সন্ত্রাসী, যুদ্ধাপরাধী ও পরাজিত শক্তিকে নিয়ে আন্দোলনের নামেন।

“সে জন্য ওনার যতো আল্টিমেটাম। হুমকি-ধমকি ও আল্টিমেটাম দিয়ে কোনো কাজ হবে না।”

টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় আব্দুল হাসনাত আব্দুল্লাহ, প্রধানমন্ত্রীর চাচা শেখ কবির হোসেন, শেখ মোহাম্মদ আবদুল্লাহ, শেখ হেলাল উদ্দিন, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, বিএম মোজাম্মেল হোসেন, মীর্জা আজম, এসএম কামাল, চৌধুরী এমদাদুল হক, মাহাবুব আলী খান, উপজেলা চেয়ারম্যান বিমল বিশ্বাস, সোলায়মান বিশ্বাস, সুভাষ চন্দ্র জয়ধর, আবুল বাশার খায়ের, ইলিয়াস হোসেন, শেখ মোহাম্মদ ইউসুফ আলী, কামাল হোসেন বুলেট, শেখ সাইফুল ইসলাম, শৈলেন্দ্র নাথ বিশ্বাস ও রফিকুল ইসলাম রফিকসহ অনেকে বক্তব্য রাখেন।

সকাল থেকেই গোপালগঞ্জ, বাগেরহাট, নড়াইল, পিরোজপুর, বরিশাল ও মাদারীপুরসহ দেশের বিভিন্ন জেলা থেকে আওয়ামী লীগ নেতা-কর্মী ও সমর্থকরা জনসভাস্থলে মিছিলসহ আসতে শুরু করেন। তাদের হাতে ছিল পোস্টার, ব্যানার, ফেস্টুন, নৌকা প্রতীক। দুপুরের মধ্যেই জনসভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। জিটি স্কুলের নির্বাচনী জনসভায় আগতদের স্থান সংকুলান হয়নি। অনেকে পাটগাতী বাজারসহ আশপাশের গ্রামের দাড়িয়ে শেখ হাসিনার বক্তব্য শোনেন।

ঢাকার বাইরে নির্বাচনী প্রচারণা শুরু করতে সকালে ঢাকা থেকে প্রধানমন্ত্রী গোপালগঞ্জের উদ্দেশ্য রওনা দেন। ফরিদপুরের পথে ভাঙ্গা, সদরপুর ও মুকসুদপুরে জনসভা ও পথসভায় ভাষণ দেন। ঢাকা থেকে গোপালগঞ্জে আসার পথে বিভিন্ন স্থানে সড়কের দু’পাশে দাড়িয়ে প্রধানমন্ত্রীকে নেতাকর্মীরা শুভেচ্ছা জানান। এসব স্থানে গাড়ি গতি কমিয়ে নেতাদের শুভেচ্ছার জবাব দেন প্রধানমন্ত্রী ।