পতাকা অবমাননার ষড়যন্ত্র করছে বিএনপি: আশরাফ
বিজয়ের মাসে স্বাধীনতা বিরোধী চক্র জাতীয় পতাকার অবমাননার ষড়যন্ত্রে করছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
বৃহস্পতিবার এক বিবৃতি সৈয়দ আশরাফ বলেন, “তারা লাঠি হাতে পতাকা মিছিলের কথা বলে মূলতঃ এই পতাকার অবমাননা করতে চায়।”
“কসাই কাদের মোল্লার ফাঁসির পরে জাতীয় পতাকা ছিঁড়ে ফেলা এবং শহীদ মিনার গুড়িয়ে দেওয়া এর প্রকৃষ্ট প্রমাণ।”
আগামী ৫ জানুয়ারির নির্বাচন রুখতে মঙ্গলবার বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া আগামী ২৯ ডিসেম্বর সারাদেশ থেকে ঢাকায় জমায়েতের কর্মসূচি ঘোষণা করেন। যাকে ‘মার্চ ফর ডেমোক্রেসি’ বলে আখ্যা দেন তিনি।
আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ আশরাফের বিবৃতিটি গণমাধ্যমে পাঠিয়েছেন।
বিবৃতিতে ২৯ ডিসেম্বর বিরোধী দলীয় নেত্রীর ‘মার্চ ফর ডেমোক্রেসির’ সমালোচনা করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, “আজ এই বিজয়ের মাসে পাকিস্তানিদের দোসর, নরঘাতক, রাজাকার, আল-বদর, আল-শামস আমাদের এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত লাল সবুজের পতাকাকে নতুন করে অবমাননার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।”
“তারই অংশ হিসেবে আগামী ২৯ ডিসেম্বর ২০১৩ রবিবার বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া লাঠি হাতে জাতীয় পতাকা নিয়ে ঢাকা অভিমুখে যাত্রার আহ্বান জানিয়েছেন।”
‘স্বাধীনতা বিরোধী অশুভ শক্তির আহ্বানে’ সাড়া না দিয়ে তাদের সর্বাত্মক প্রতিরোধ করার জন্য মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তির প্রতি তিনি আহ্বান জানান।
