২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির বিরুদ্ধে ইসিতে আওয়ামী লীগের নালিশ

নির্বাচন প্রতিহত করার ঘোষণা দেয়ায় বিএনপির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে ইসির প্রতি আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2013, 04:40 PM

Updated : 23 Aug 2022, 07:33 PM

ক্ষমতাসীন দলের নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য মহীউদ্দীন খান আলমগীরে নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার নির্বাচন কমিশনার মো. আবদুল মোবারকের সঙ্গে দেখা করে এই আহ্বান জানান।

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের রোববারের ঢাকামুখী অভিযাত্রা কর্মসূচি ধরে নির্বাচন কমিশনে এই নালিশ জানাল আওয়ামী লীগ।

বিরোধী দলবিহীন ৫ জানুয়ারির নির্বাচন রোখার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচি দিয়ে সবাইকে ঢাকায় অবস্থান নেয়ার আহ্বান জানিয়েছেন।

নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করার পর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান সাংবাদিকদের বলেন, “নির্বাচন প্রতিহত করা আইনত দণ্ডনীয় অপরাধ।

“২৯ ডিসেম্বর বিএনপি যে ঢাকা অভিমুখে নির্বাচন প্রতিহতের যে কর্মসূচি দিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছি আমরা।”

বিএনপির কর্মসূচির বিষয়ে সরকারের পাশাপাশি ইসির পদক্ষেপ প্রত্যাশা করছে আওয়ামী লীগ। ইসি ‘যথাযথ’ পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন বলে মহীউদ্দীন খান।

আওয়ামী লীগ নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে ব্যবস্থা নেয়ার অনুরোধও ইসির কাছে রেখেছে।

নির্বাচন পরিচালনা কমিটির নির্বাচন কমিশন সমন্বয় উপ কমিটির আহ্বায়ক মহীউদ্দীন খান বলেন, “আমরা এ দুটি বিষয়ে ইসির সঙ্গে কথা বলেছি। দুটি বিষয়েই তারা একমত হয়েছে।”