বৃহস্পতিবার বিক্ষোভের কর্মসূচি ১৮ দলের
সারাদেশে বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর হামলা, গ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদে বৃহস্পতিবার বিক্ষোভের কর্মসূচি দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল।
একদিন আগে সংবাদ সম্মেলনে খালেদা জিয়া নির্বাচন স্থগিতের দাবিতে রোববার ঢাকাযাত্রা কর্মসূচির পরদিন বুধবার নতুন করে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
বিক্ষোভের কর্মসূচি সব মহানগর, জেলা ও উপজেলা সদরে পালিত হবে বলে বিএনপির সহদপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিক্ষোভের এই কর্মসূচি সফল করতে সারাদেশে বিরোধী দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, “গত পাঁচ দফা অবরোধে সরকারের পেটোয়া বাহিনী ও আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক বেপরোয়া তাণ্ডবে দেশব্যাপী জোটের যেসব নেতা-কর্মী নিহত, আহত, গ্রেপ্তার হয়েছেন এবং যাদের বাড়িঘর-সহায় সম্পদ ধ্বংস করে দেয়া হয়েছে, সেসব ঘটনার প্রতিবাদে এই কর্মসূচি।”
বিএনপি চেয়ারপারসনের সংবাদ সম্মেলনের আগ পর্যন্ত নির্দলীয় সরকার প্রতিষ্ঠা এবং ৫ জানুয়ারির নির্বাচন স্থগিতের দাবিতে টানা অবরোধ চালিয়ে আসছিল ১৮ দল, যাতে সহিংসতায় প্রায় একশ’ মানুষ নিহত হয়।
মঙ্গলবার অবরোধ কর্মসূচি শেষ হওয়ার কয়েক ঘণ্টা পর ঢাকার বাংলামোটরে পুলিশবাহী একটি বাসে অগ্নিসংযোগ করা হয়, যাতে পুড়ে মারা যান এক কনস্টেবল।
আগুনে পুড়িয়ে পুলিশ হত্যার ওই মামলায় ফখরুলকেও আসামি করা হয়েছে। এর আগেও ঢাকায় বাসে পেট্রোল বোমা ছুড়ে মানুষ হত্যার মামলায় আসামি করা হয় ভারপ্রাপ্ত মহাসচিবসহ বিএনপির শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন নেতাকে।
