২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় পিকেটারকে ২ বছরের কারাদণ্ড

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় সড়ক অবরোধের অভিযোগে শিবিরের এক পিকেটারকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2013, 09:36 PM

Updated : 23 Aug 2022, 07:31 PM

রোববার বিকালে সাতক্ষীরার নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মোহাম্মদ রিজাউল করিম এ সাজা দেন।

দণ্ডিত মফিজুল ইসলাম (২৬) দেবহাটা উপজেলার গড়িয়াডাঙ্গা গ্রামের শহিদুল ইসলামের ছেলে এবং শিবিরকর্মী।

সন্ধ্যায় পুলিশের সহায়তায় তাকে সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার জগদীশ চন্দ্র সাংবাদিকদের জানান, দেবহাটার পারুলিয়া বাজার এলাকায় বেলা দেড়টার দিকে জামায়াত-শিবির কর্মীরা গাছের গুড়ি ফেলে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়ক অবরোধ করার চেষ্টা করে।

খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গিয়ে মফিজুলকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে।