২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা গ্যাঁড়াকলে: সুরঞ্জিত

জামায়াতে ইসলামীর মতামতকে প্রাধান্য দিতে গিয়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া এখন ‘উভয়সঙ্কটে’ পড়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2013, 07:05 PM

Updated : 23 Aug 2022, 07:31 PM

শনিবার এক আলোচনা সভায় তিনি বলেন, “খালেদা জিয়া বহুত বড় গ্যাঁড়াকলে পড়ে গেছেন। এখন না পারছেন খাইতে, না পারছেন উপড়াইয়া ফেলতে। একদিকে জামায়াত নির্বাচনে যেতে চায় না। অন্যদিকে বিএনপির যারা নির্বাচনে যেতে চান, তারা বলছেন- ম্যাডাম আমাদেরকে নির্বাচনে নেন।

দলের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত এই আলোচনা সভায় আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাও উপস্থিত ছিলেন।

পাকিস্তান সংসদে পাস হওয়া প্রস্তাব নিয়ে খালেদা জিয়ার নিশ্চুপ অবস্থানেরও সমালোচনা করেন সুরঞ্জিত।

তিনি বলেন, “পাকিস্তান সংসদের রেজুলেশনে আমরা বুঝতে পেরেছি, এরা যে যুদ্ধাপরাধী সে বিষয়ে আর কোন সন্দেহ নাই। কারণ তারাই তো বলে গেছেন, কাদের মোল্লা পাকিস্তান রক্ষার জন্য কাজ করেছেন।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

“পাকিস্তানিরা নাম বলা শুরু করছে। কাদের মোল্লার সঙ্গে পাকিস্তানের কী সম্পর্ক ছিলো, সেটা বলে দিছে। কবে না জানি আপনার (খালেদার) নামও বলে দেয়।”

আওয়ামী লীগের এই উপদেষ্টা পরিষদের সদস্য বলেন, “তার নিরবতার কারণ তিনি বাংলাদেশে বিশ্বাস করেন না। নির্বাচন চলবে। সেই সঙ্গে যুদ্ধাপরাধীদের বিচারও চলবে।”

গত ১২ ডিসেম্বর যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লার ফাঁসি কার্যকরের চার দিনের মাথায় তাকে ‘এক পাকিস্তানের একনিষ্ঠ সমর্থক’ উল্লেখ করে পাকিস্তানের জাতীয় পরিষদ একটি প্রস্তাব পাস করে।

কাদের মোল্লার জন্য পাকিস্তান পার্লামেন্টের ওই পদক্ষেপ এবং তার পক্ষে ইমরান খানসহ কয়েকজন রাজনীতিকের সাফাইয়ে তীব্র প্রতিবাদ চলছে বাংলাদেশজুড়ে।

গণজাগরণ মঞ্চসহ বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচির মধ্যে ঢাকায় পাকিস্তানের হাই কমিশনারকে তলব করে এর কড়া প্রতিবাদ ব্যাখ্যা চায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

দশম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপির সমালোচনার জবাবে তিনি বলেন, “আমাদের নির্বাচন নিয়ে প্রশ্ন তোলেন, জিয়াউর রহমান সামরিক শাসন রাইখ্যা হ্যাঁ-না ভোট করছেন, প্রেসিডেন্ট নির্বাচন করলেন, সেটা কোন ক্যারিকেচার ছিলো?”

তফসিল অনুযায়ী ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা। তবে প্রধান বিরোধী দল বিএনপির বর্জনের কারণে একক প্রার্থী থাকায় ১৫৪টি আসনের ফল আগেই নির্ধারিত হয়ে গেছে। সে অনুযায়ী নির্ধারিত তারিখে ভোট হবে ১৪৬টি আসনে।

তফসিল ঘোষণার পর থেকেই বিএনপি বলে আসছে, তারা একতরফা নির্বাচন হতে দেবে না।

পুরনো খবর:

খালেদার বক্তব্য কী, প্রশ্ন সুরঞ্জিতের