২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘দুর্দিনের কাণ্ডারিকে’ বিদায় জানাল আ.লীগ

বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা নিহত হওয়ার পর ‘চরম দুর্দিনে’ যিনি দলের হাল ধরে নতুন সূচনার দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছিলেন, সেই সৈয়দা জোহরা তাজউদ্দিনকে শেষবিদায় জানাল আওয়ামী লীগ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

ও গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2013, 01:57 AM

Updated : 13 Oct 2022, 03:08 PM

পুরনো খবর:

জোহরা তাজউদ্দিন আর নেই
জোহরা তাজউদ্দিনের কফিনে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

শুক্রবার সকাল ১০টা ৩৭ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জোহরা। তিনি ছিলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের স্ত্রী, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর একজন জ্যেষ্ঠ সদস্য।  

তার মৃত্যুর খবরে সকালেই হাসপাতালে ছুটে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকালে তার নেতৃত্বে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ের সামনে প্রয়াত এই নেতার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের নেতাকর্মীরা।  

জোহরা তাজউদ্দিনের স্মৃতি স্মরণ করে আবেগ আপ্লুত প্রধানমন্ত্রী বলেন, “তার মৃত্যুতে কেবল দলের নয় পুরো দেশের অপূরণীয় ক্ষতি হলো। আর আমি একজন আপনজনকে হারালাম।” 

১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যার পর ৩ নভেম্বর কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় হত্যা করা হয় বঙ্গবন্ধুর অবর্তমানে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী এবং এ এইচ এম কামরুজ্জামানকে।

দেশের রাজনীতির ইতিহাসের দিক বদলের সেই টালমাটাল সময়ে ১৯৭৭ সালে মতিঝিলের ইডেন হোটেলে কাউন্সিলের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের আহ্বায়ক নির্বাচিত হন জোহরা তাজউদ্দিন। দুর্দিনে তিনি দলকে সংগঠিত ও ঐক্যবদ্ধ করেন।

পরে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দেশে ফিরলে তার হাতে তুলে দেন দলের নেতৃত্ব। 

 

১৯৩৩ সালের ২৪ ডিসেম্বর চাঁদপুরের এক সংস্কৃতিমনা পরিবারে জোহরা তাজউদ্দীনের জন্ম। তার পরিবারের দেয়া নাম সৈয়দা জোহরা খাতুন, ডাকনাম লিলি।

জোহরা পড়ালেখা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে। ষাটের দশকে নারী মুক্তি আন্দোলন ও আইয়ুববিরোধী আন্দোলনেও তিনি সক্রিয় ছিলেন।

তার বাবা সৈয়দ সিরাজুল হক ছিলেন ঢাকা কলেজের তখনকার ভাইস প্রিন্সিপাল।

তাজউদ্দিন আহমদের সঙ্গে জোহরার বিয়ে হয় ১৯৫৯ সালে। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য।  

তাদের চার সন্তানের মধ্যে শারমিন আহমদ সবার বড়। মেজো সিমিন হোসেন রিমি গাজীপুর-৪ আসনের বর্তমান সংসদ সদস্য। ছোট মেয়ের নাম মাহজাবিন আহমদ মিমি। আর একমাত্র ছেলে তানজিম আহমেদ সোহেল তাজ সাবেক মহাজোট সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।

পরিবারের সদস্যরা জানান, জোহরা তাজউদ্দিন বেশ কিছুদিন ধরেই বাধ্যক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। গত নভেম্বরে পড়ে গিয়ে তার কোমরের হাড় ভেঙে যায়। দিল্লিতে তার অস্ত্রোপচারও হয়।

কিন্তু দেশে ফিরে অবস্থার অবনতি হলে ১৭ ডিসেম্বর তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালেরই নিবিড় পরিচর্যা কেন্দ্রে শুক্রবার সকালে মারা যান এই আওয়ামী লীগ নেতা। তার বয়স হয়েছিল ৮০ বছর।

সকালে তার মৃত্যুর খবরে দলীয় নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। শোক প্রকাশ করে বিবৃতি দেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া, স্পিকার শিরীন শারমীন চৌধুরী ও শওকত আলী। 

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল  আহমেদ হাসপাতালে সাংবাদিকদের বলেন, “বঙ্গবন্ধু নিহত হওয়ার পর আওয়ামী লীগের কাণ্ডারি ছিলেন জোহরা আপা।  তিনি দেশ ও দলকে মনেপ্রাণে ভলোবাসতেন। তার স্বপ্নই ছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ। তার মৃত্যুতে দেশ ও দলে অপূরণীয় এক শূন্যতার সৃষ্টি হলো।”

বিকালে গুলশানের আজাদ মসজিদে প্রথম জানাজা শেষে জোহরা তাজউদ্দিনের কফিন বঙ্গবন্ধু এভিনিউয়ে নিয়ে আসা হয়। জাতীয় পতাকায় জড়ানো কফিনে প্রথমে প্রধানমন্ত্রী হিসাবে এবং পরে দলীয় প্রধান হিসাবে ফুল দেন শেখ হাসিনা। 

প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ এই নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করে।  

এরপর কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই জোহরা তাজউদ্দিনের দ্বিতীয় জানাজা হয়। সন্ধ্যায় তার মরদেহ নিয়ে যাওয়া হয় ইউনাইটেড হাসপাতালের হিমঘরে।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন জানান, জোহরা তাজউদ্দিনের ছেলে সাবেক প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তিনি ফিরলে রোববার বনানী কবরস্থানে স্বামী তাজউদ্দিন আহমদের কবরেই শায়িত হবেন জোহরা তাজউদ্দিন।