মুক্তিযোদ্ধাদের বিএনপির সঙ্গ ছাড়ার আহ্বান কামাল লোহানীর
জনতার ‘রোষানল’ থেকে বাঁচতে মুক্তিযোদ্ধাদের বিএনপির সঙ্গ ছাড়ার আহ্বান জানিয়েছেন সাংবাদিক কামাল লোহানী।
শুক্রবার পাবলিক লাইব্রেরির সামনে ‘কিশোর-ছাত্র-যুব-নারী-শ্রমিক-কৃষক-ক্ষেতমজুর-সাংস্কৃতিক কর্মী-পেশাজীবী জনতা’র ব্যানারে আয়োজিত এক সমাবেশে সভাপতির বক্তব্যে এই আহ্বান জানান স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বার্তা প্রধান।
কামাল লোহানী বলেন, “বিএনপি বলে থাকে জামায়াতের সঙ্গে তাদের আদর্শিক কোনো বিরোধ নেই। জামায়াতের সঙ্গে যদি আদর্শিক কোনো বিরোধ না থাকে তাহলে আমরা বিএনপিকে কোন জায়গায় রাখবো? বিএনপিতে যে মুক্তিযোদ্ধারা আছেন, তারা কি বলবেন?
“বিএনপির মুক্তিযোদ্ধাদের বলছি, আপনারা যদি একাত্তরে সত্যি সত্যিই মুক্তিযুদ্ধ করে থাকেন তাহলে অনুগ্রহ করে এখনি সরে পড়েন। বিএনপির সঙ্গে মিশে জামায়াতের নৈরাজ্যে সারা দেশে মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তারা রুখে দাঁড়ালে আপনারাও রেহাই পাবেন না।”
“গ্রামে গ্রামে বিগ্রেড গড়ে উঠবে। গ্রাম থেকে গ্রামান্তরে ছড়িয়ে আমরা যখন সাধারণ মানুষের কাছে হাজির হবো তখন মানুষ আমাদের সঙ্গে যোগ দেবে”, বলেন প্রবীণ এই সাংবাদিক।
বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপের সমালোচনা করে কামাল লোহানী বলেন, “একাত্তরে অঙ্গুলি নির্দেশ করতেন বঙ্গবন্ধু। আর এখন করছেন মজীনা। এই মার্কিনীরা একাত্তরে আমাদের সঙ্গে ছিলো না, এখনও তারা নির্লজ্জভাবে আমাদের রাজনীতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।”
নির্বাচন নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির ‘গোয়ার্তুমিতে’ যে সংকট সৃষ্টি হয়েছে, জামায়াতে ইসলামী তার সুযোগ নিচ্ছে বলেও মনে করেন তিনি।
সমাবেশে অন্যদের মধ্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাবেক সভাপতি মনজুরুল আহসান খান, ক্ষেতমজুর সমিতির সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির চন্দন প্রমুখ উপস্থিত ছিলেন।
