১২ জেলায় আওয়ামী লীগ নেতাদের সফর
নেতাকর্মীদের উদ্দীপ্ত করতে দেশের ১২টি জেলায় সাংগঠনিক সফরে যাচ্ছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতারা।
বিরোধী জোটের হরতাল-অবরোধসহ বেশ কিছুদিন ধরে চলমান রাজনৈতিক কর্মসূচি চলাকালে ওই জেলাগুলিতে জামায়াত-বিএনপির নেতাকর্মীরা সহিংসতা অব্যাহত রেখেছে।
এর মধ্যে কয়েকটি জেলায় আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মী নিহত হয়েছেন জামায়াত-শিবিরের হামলায়। এছাড়াও এসব জেলায় আওয়ামী লীগের দলীয় অফিস ও নেতাদের বাড়িতে ভাঙচুর এবং অগ্নিসংযোগও করা হয়েছে।
অনেক এলাকাতেই দলের নেতা-কর্মীরা হামলার ভয়ে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন বলে গণমাধ্যমের খবর।
শুক্রবার বিকালে আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৩ থেকে ২৭ ডিসেম্বর ওই জেলাগুলো সফরে যাবেন নেতারা।
দলীয় সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে সহযোগী সংগঠনগুলোর সঙ্গে জরুরি যৌথসভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “খালেদা জিয়ার নির্দেশনায় দেশে হত্যা, খুন, অগ্নিসংযোগ, বোমাবাজি ও বৃক্ষ নিধন করে পাকিস্তানের প্রেসকিপশন অনুযায়ী নৈরাজ্য ও ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে।”
উদ্ভূত পরিস্থিতিতে দলের সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে গঠিত বিভিন্ন দল সাতক্ষীরা, নড়াইল, নীলফামারী, দিনাজপুর, লালমনিরহাট, গাইবান্ধা, সিরাজগঞ্জ, নাটোর, রাজশাহী, চাঁদপুর, লক্ষ্মীপুর ও চট্টগ্রাম জেলায় সাংগঠনিক সফর করবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
দেশকে অকার্যকর, জঙ্গী ও তালেবানি রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানানো হয়।
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানকের সভাপতিত্বে সভায় মীর্জা আজম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, খালিদ মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস উপস্থিত ছিলেন।
এছাড়া স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা আবু কাওছার, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আশরাফুন্নেসা মোশাররফ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পিনু খান, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, কৃষক লীগের সাধারণ সম্পাদক শামসুল হক রেজা, যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার ও সাধারণ সম্পাদক অপু উকিল, ছাত্রলীগ সভাপতি বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমও বৈঠকে উপস্থিত ছিলেন।
সাংগঠনিক সফরে নেতাকর্মীদের উজ্জীবিত করা হবে
আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম বলেছেন, সারা দেশে সাংগঠনিক সফরের মাধ্যমে নেতাকর্মীদের উজ্জীবিত করা হবে। এছাড়া নেতাদের সফরের মধ্য দিয়ে ভোটারাও উজ্জীজ্জিত হবেন।
তিনি বলেন, নির্বাচনী প্রস্তুতি চলছে। নির্বাচনের জন্য নির্বাচন পরিচালনা বিষয়ক কমিটির অর্ন্তভুক্ত বেশ কয়েকটি উপ-কমিটিও গঠন করা হয়েছে।
শুক্রবার আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির রাজনৈতিক কার্যাালয়ে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
এইচ টি ইমাম বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপি নির্বাচনে অংশ নাই নিতে পারে। কিন্তু তাদের নির্বাচন বানচালের ষড়যন্ত্র দুঃখজনক।
“যেখানে নির্বাচন হবে না সেখানেও বিএনপি-জামায়াতের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। নির্বাচন বানচালে বিএনপি যে কর্মসূচিই দিক না কেন তা মোকাবেলায় আওয়ামী লীগ কঠোরতম ব্যবস্থা নেবে।”
