২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার সন্ত্রাসের রাজত্ব কায়েম করছে: ফখরুল 

বিরোধী দলের নেতাকর্মীদের হত্যা ও গুম করে সরকার দেশব্যাপী সন্ত্রাসের রাজত্ব প্রতিষ্ঠায় তৎপর বলে বলে অভিযোগ করেছে বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2013, 04:05 PM

Updated : 23 Aug 2022, 07:30 PM

শুক্রবার সকালে এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই অভিযোগ করেন।

তিনি বলেন, “মানুষ খুন এবং বিরোধী দলের যে কোনো শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা, হত্যা-গুম-মিথ্যা মামলা-রিমান্ডে নিয়ে নির্যাতন, বাড়িঘরে অগ্নিসংযোগ ও দখলবাজি করে সরকার সারাদেশে সন্ত্রাসের রাজত্ব কায়েমে মরিয়া হয়ে উঠেছে।

“তাদের ওই সন্ত্রাসী কর্মকাণ্ডের ধারাতেই আজ (শুক্রবার) টাঙ্গাইল জেলাধীন সদর উপজেলার দাইন্যা ইউনিয়ন পরিষদের তিন বারের সফল চেয়ারম্যান ও দলের নেতা রফিকুল ইসলাম ফারুককে গুলি করে নির্দয়ভাবে হত্যা হয়েছে।’’

শুক্রবার সকালে দাইন্যা ইউপি চেয়ারম্যান ও জেলা বিএনপির নির্বাহী সদস্য রফিকুল ইসলাম ফারুককে (৪৬) সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে।

মির্জা ফখরুল বলেন, “কেবল তাই নয়, গতকাল (বৃহস্পতিবার) ময়মনসিংহের গফরগাঁও উপজেলা দলীয় কার্যালয়, স্বেচ্ছাসেবক দলের উপজেলা যুগ্ম আহ্বায়ক সরদার খুররমের বাড়িসহ ২০টি দোকান ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়েছে।”

সরকার এভাবে সারাদেশে এক বিভিষিকাময় সন্ত্রাসী রাজত্ব কায়েম করেছে বলে অভিযোগ করেন তিনি।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

রফিকুল ইসলাম ফারুকের হত্যাকাণ্ডসহ বিরোধী নেতাকর্মীদের বাড়ি-ঘরে হামলার ঘটনায় অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবি করেন তিনি।

দলের সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনির স্বাক্ষরিত বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সরকার সন্ত্রাস ও সাজানো নির্বাচনের মাধ্যমে দীর্ঘকাল ক্ষমতায় থাকার যে নীল নকশা তৈরি করেছে তাতে রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানুষের মৌলিক অধিকার আজ চরম হুমকির সম্মুখীন।’’

এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।