‘অবরোধ ডেকে তিনি থাকেন এয়ারকন্ডিশনড রুমে’
১৮ দলীয় দলীয় জোটের অবরোধ কর্মসূচির সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ারও সমালোচনা করেছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
নির্বাচন স্থগিত ও নির্দলীয় সরকারের দাবিতে ১৮ দলের অবরোধের মধ্যে বৃহস্পতিবার গণভবনে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটি, কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সঙ্গে বৈঠকে বক্তব্যে তিনি বলেন, “কীসের অবরোধ?
“উনি (খালেদা জিয়া) তো সরকারি কার্যক্রম বন্ধ করতে পারছেন না। আমরা সবই তো সচল রেখেছি।”
“উনি বন্ধ করেছেন, দিনমজুর-খেটে খাওয়া মানুষদের রুটি-রুজির অধিকার। এটাই উনি বন্ধ করেছেন। উনি দেশের মানুষের ভাবমূর্তি নষ্ট করতে পারেন। মানুষের জীবনযাত্রা অচল করতে চেয়েছেন, সেটা পারেন নাই।”
চতুর্থ দফার পর ১৮ দল আগামী শনিবার থেকে পঞ্চম দফা অবরোধের ঘোষণা দিলেও ৫ জানুয়ারি নির্বাচন থেকে পিছু না হটার ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিএনপিকে অবরোধের ‘খেলা’ বন্ধ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনি অবরোধ দিয়ে তো এয়ারকনডিশনড রুমে বসে আপনার ডিপফ্রিজে রাখা মুরগির রান, সুপ খান, রোস্ট খান।
“গরিব মানুষ কী খায়? যারা দিন আনে দিন খায়, তারা কী খায়? তাদের জীবন কিভাবে চলে? সেটা কি উনি (খালেদা জিয়া) বিবেচনা করেন? বাসে ঘুমন্ত মানুষকে উনি পুড়িয়ে মারেন। সেই পরিবারের কী অবস্থা?”
“তারা দেশের পরিবেশ, ব্যবসা-বাণিজ্য, লেখাপড়া ধ্বংস করতে চাচ্ছে। পড়াশোনা নষ্ট করে কী অর্জন করতে চায় তারা?”
“মানুষের জীবনযাত্রায় আঘাত করে, মানুষের ওপর জুলুম করে, বাস-রেল পুড়িয়ে মানুষ হত্যা করছে। এটা কোন ধরনের আন্দোলন। তারা বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছেন।”
‘বিএনপি মানুষ মারার যুদ্ধে নেমেছে’- মন্তব্য করে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, “কাদের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করেছে? জনগণের বিরুদ্ধে? মানুষের বিরুদ্ধে? এর মধ্য দিয়ে বিএনপি-জামাত কী অর্জন করতে চাচ্ছে?”
“তাদের উদ্দেশ্য যুদ্ধাপরাধীদের বাঁচানো। আর জামাত নির্বাচনে অংশ নিতে না পারায় বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে না। কারণ বিএনপির মূল শক্তি হচ্ছে জামাত,” বলেন তিনি।
