২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জাপা হরতাল দেয়নি, ওরা জাফরের পার্টির’

চেয়ারম্যান এইচ এম এরশাদের ‘মুক্তি’র দাবিতে চট্টগ্রামে একপক্ষ বৃহস্পতিবার হরতাল ডাকলেও জাতীয় পার্টির অপরপক্ষ তা অস্বীকার করেছে।  

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2013, 08:25 PM

Updated : 23 Aug 2022, 07:29 PM

নিজেদের এরশাদপন্থী জাতীয় পার্টি চট্টগ্রাম মহানগর দাবি করে বৃধবার সন্ধ্যায় সংবাদপত্র কার্যালয়ে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার বৃহত্তর চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতাল ডাকার কথা বলা হয়।

রেজাউল করিম রেজা নামে নামে এক ব্যক্তি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নগর জাপা সদস্য সচিব এয়াকুব হোসেন, উত্তর জেলা আহবায়ক দিদারুলম দিদার, দক্ষিণ জেলা আহ্বায়ক নুরুচ্ছাফা সরকার হরতাল সফলের আহ্বান জানান।

অপরদিকে জাতীয় পার্টি, চট্টগ্রাম মহানগরের সভাপতি সোলায়মান আলম শেঠ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জাতীয় পার্টি কখনো হরতালের পক্ষে নয়। যারা হরতাল দিয়েছে তারা কাজী জাফরের পার্টি। তাদের লাঠি দিয়ে পেটানো উচিত।”

এয়াকুব হোসেন নামে চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির কোন সদস্য সচিব নেই বলেও দাবি করেন তিনি।

সোলায়মান শেঠ বলেন, গত ৩০ মার্চ চেয়ারম্যান এইচ এম এরশাদ সম্মেলনের মাধ্যমে তাকে সভাপতি ও তপন চক্রবর্তীকে সদস্য সচিব করে চট্টগ্রাম মহানগর কমিটি করে দিয়েছেন।