২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির সংলাপ দশম নির্বাচন নিয়েই: ফখরুল

একাদশ সংসদ নির্বাচন নিয়ে নয়, চলমান সংকট নিরসনেই বিএনপি সংলপে যোগ দিয়েছিল মন্তব্য করে দলটির মুখপাত্র বলেছেন, এই আলোচনা নিয়ে সরকার জনগণকে বিভ্রান্ত করছে। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2013, 06:51 PM

Updated : 23 Aug 2022, 07:30 PM

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার এক বিবৃতিতে বলেন, “জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে, গণতান্ত্রিক স্থিতিশীলতার কথা ভেবে আমরা দশম জাতীয় সংসদের আগে নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনা এবং তফসিল স্থগিত করার দাবি নিয়েই সংলাপে বসেছিলাম; একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নয়।”

১৫৪টি আসনে একক প্রার্থী থাকায় এরইমধ্যে দশম সংসদের সংখ্যাগরিষ্ঠতা হয়ে গেছে দাবি করে ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই প্রভাবশালী নেতা যে বক্তব্য দিয়েছেন তার প্রতিক্রিয়ায় ফখরুলের এই বিবৃতি।       

তিনি বলেন, “জনগণকে বিভ্রান্ত করার জন্য মন্ত্রী ও সরকারদলীয় নেতারা বলছেন, দশম নয়, একাদশ জাতীয় নির্বাচন নিয়ে সংলাপ চলছে। এটা সর্বৈব অসত্য ও নিলর্জ্জ মিথ্যাচার।”

মঙ্গলবার আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের ও উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত দুই অনুষ্ঠানে বলেন, শেষ পর্যন্ত সমঝোতায় এলেও দশম সংসদ নির্বাচনে বিএনপির অংশগ্রহণের ‘সুযোগ নেই’। এখন আলোচনা হতে হবে ‘একাদশ সংসদ নির্বাচন’ নিয়ে।

দলীয় প্যাডে নিজের সই করার বিবৃতিতে ফখরুল সরকারের উদ্দেশ্যে বলেন, “এখনো সময় আছে… ভয়াবহ সংকট থেকে জাতিকে উদ্ধার করার জন্য চরম হঠকারিতা, দাম্ভিকতা, ঔদ্ধত্য ও অসহনশীলতা পরিহার করে নির্যাতনের পথে না গিয়ে সহনশীল, সমঝোতা ও শান্তির পথে আসুন।”

সব দলের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হন্তান্তরের দাবি আবারো তুলে ধরেন বিএনপির মুখপাত্র।

তিনি বলেন, “এতটুকু সময় নষ্ট না করে দেশের স্বার্থে পদত্যাগ করে নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে সকলের কাছে গ্রহণযোগ্য উপায়ে দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন।”

তা না হলে ‘ভোটাধিকার রক্ষার জন্য’ চলমান আন্দোলনকে ‘চূড়ান্ত বিজয়ের পথে’ নিয়ে যাওয়া হবে বলেও হুমকি দেন তিনি। 

‘একতরফা’ নির্বাচনের তফসিলের সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “দশম সংসদ নির্বাচন দেশের মানুষ প্রত্যাখ্যান ও বর্জন করেছে বলেই ১৫৪ আসনে কোনো প্রার্থী নেই। দেশের নির্বাচনের ইতিহাসে এটা কলঙ্কময় নজির হয়ে থাকবে।”

জাতীয় পার্টি বা এরশাদের নাম উল্লেখ না করে ফখরুল বলেন, ‘একটি বিশেষ রাজনৈতিক দল ও তার নেতাকে’ নিয়ে সরকার যে ‘নাটক’ তৈরি করেছে, তা ক্ষমতাসীনদের ‘রাজনৈতিক দেউলিয়াপনার’ পরিচয় বহন করে।

“এতে সরকারের নৈতিক পরাজয় হয়েছে। আমরা মনে করি, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আজ্ঞাবহ নির্বাচন কমিশনকে সেবাদাসে পরিণত করে প্রার্থীবিহীন নির্বাচনে ক্ষমতা ধরে রাখা যাবে না। জনগণ মেনে নেবে না।”

বিবৃতির শুরুতে মির্জা ফখরুল বলেন, জাতিসংঘের মহাসচিব বান কি-মুনের আমন্ত্রণে তার বিশেষ দূত অস্কার ফার্নান্দেজ-তারানকোর উদ্যোগে বিএনপির প্রতিনিধি দল ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রতিনিধি দলের সঙ্গে সংলাপ শুরু করেছিল। জাতিসংঘ দূতের উপস্থিতিতে দুটি এবং তিনি চলে যাওয়ার পর একটি বৈঠক হয়।

“সর্বশেষে বৈঠকে বিএনপির পক্ষ থেকে ফলপ্রসূ সংলাপের জন্য পরিবেশ সৃষ্টি করতে কয়েকটি সুনির্দিষ্ট প্রস্তাব করা হয়। আওয়ামী লীগের প্রতিনিধিদল প্রস্তাবগুলো নিয়ে তাদের নীতিনির্ধারণী ফোরামে আলোচনা করে পুনরায় বসতে চেয়েছিলেন।”

কিন্তু এরপর আওয়ামী লীগের পক্ষ থেকে বৈঠকের জন্য নতুন কোনো  তারিখ দেয়া হয়নি বলে ফখরুল জানান।