পাকিস্তানের দূতাবাস বন্ধের দাবি মহিউদ্দিনের
কাদের মোল্লার মৃত্যুদণ্ডে উদ্বেগ জানিয়ে পাকিস্তানের পার্লামেন্টে প্রস্তাব পাসের জন্য ক্ষমা না চাইলে ঢাকায় দেশটির দূতাবাস বন্ধ করার দাবি জানিয়েছেন আওয়ামী লীগ নেতা এ বি এম মহিউদ্দিন চৌধুরী।
চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন বুধবার দুপুরে নগরীর দারুল ফজল মার্কেটে দলীয় কার্যালয়ের সামনের সড়কে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ দাবি জানান।
পাকিস্তানের পার্লামেন্টে প্রস্তাব পাসের প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়।
মহিউদ্দিন বলেন, “পাকিস্তানে প্রতিদিন খুন-খারাবি চলছে। আর তারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে এটা মেনে নেব না। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আমাদের প্রয়োজন নেই। তোমরা আমাদের শত্রু।”
জাতিসংঘ মহাসচিব বান কি মুনের সমালোচনা করে তিনি বলেন, “আমরা আইন অনুযায়ী যুদ্ধাপরাধের বিচার করেছি। সংবিধান পরিপন্থী কিছু করিনি। আপনারাই (জাতিসংঘ) স্বাধীনতার বিরোধিতা করেছিলেন।”
কারো চোখ রাঙ্গানিতে যুদ্ধাপরাধের বিচার বন্ধ হবে না বলে মন্তব্য করেন তিনি।
সমাবেশে প্রথমবারের মত প্রকাশ্যে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের সমালোচনা করেন মহিউদ্দিন চৌধুরী।
তিনি বলেন, “ড. ইউনূস আমাদের মেধাবী সন্তান। আমরা তাকে সম্মান করি। কিন্তু আশা করি তিনি এমন কিছু করবেন না যাতে জাতির জন্য কলঙ্ক বয়ে আনে। ৭১ সালে তিনি যুবক ছিলেন। তখন তিনি দেশের জন্য কি করেছিলেন?
“অনেকে বলেন শেখ হাসিনা কেন ড. ইউনূসের বিপক্ষে কথা বলেছেন? আমি বলি, দেশের স্বার্থের পরিপন্থী কিছু করলে সে যেই হোক না কেন আমরা তার বিরুদ্ধে অবস্থান নেব।”
সমাবেশে অন্যদের মধ্যে নগর আওয়ামী লীগের সহসভাপতি ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, সাধারণ সম্পাদক আজম নাছির উদ্দিন প্রমুখ বক্তব্য দেন।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
