এরশাদের ‘মুক্তির’ দাবিতে মিছিলে পুলিশের বাধা
রাজধানীর বনানীতে হুসেইন মুহাম্মদ এরশাদের ‘মুক্তির’ দাবিতে জাতীয় পার্টির মিছিল কার্যালয়ের ফটকেই আটকে দিয়েছে পুলিশ।
পার্টির চেয়ারম্যান এরশাদকে ‘আটকে রাখা হয়েছে’ দাবি করে বনানী ও নয়া পল্টন থেকে এই মিছিল করার কথা ছিল জাতীয় পার্টির কর্মীদের।
পূর্বঘোষিত এ কর্মসূচি পালন করতে দলীয় নেতাকর্মীরা বিকাল সোয়া ৩টার দিকে বনানীতে দলের চেয়ারম্যানের কার্ালয়ে জড়ো হতে থাকেন। মিছিল শুরুর জন্য তারা কার্যালয় ফটক দিয়ে বের হওয়ার চেষ্টা করতেই পুলিশ আটকে দেয়।
জাতীয় পার্টির ঢাকা মহানগর শাখার যুগ্ন মহাসচিব নুরুজ্জামান নুরু অভিযোগ করেন, “হঠাৎ করেই আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে।”
নয়া পল্টনেও পুলিশ তাদের কর্মীদের মিছিল করতে দেয়নি বলে জানান নুরু।
বনানী থানার ওসি ভূঁইয়া মাহবুব হোসেন বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষার জন্যই আমরা এ ব্যবস্থা নিতে বাধ্য হয়েছি। তারা অফিসের সামনে বিক্ষোভ করতে পারবেন। কিন্তু মিছিল নিয়ে রাস্তায় নামলে আইন শৃঙ্খলায় বিঘ্ন ঘটতে পারে। এ জন্যই মিছিল না করতে আহ্বান জানিয়েছি।”
বনানী কার্যালয়ের সামনে মিছিলের চেষ্টার সময় পার্টির মধ্যম সারির নেতাদের দেখা গেলেও প্রেসিডিয়াম সদস্যরা কেউ ছিলেন না।
র্যাব পাহারায় গত বৃহস্পতিবার রাতে জাতীয় পার্টি চেয়ারম্যান এরশাদের সিএমএইচে ভর্তির পর থেকে তার আটকের গুঞ্জন ছড়ায়। জাতীয় পার্টির এক নেতা আটকের কথা বললেও র্যাবের পক্ষ বলা হয়, অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে নেয়া হয়েছে।
এরশাদ কয়েকদিন আগে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেও এর মধ্যে তার দলের নেতাদের নানামুখী তৎপরতা দেখা যায়।
এর মধ্যেই শুক্রবার এক বিবৃতি দিয়ে এরশাদের উপদেষ্টা ববি হাজ্জাজ বলেন, পার্টির চেয়ারম্যানকে হাসপাতালে আটক রাখা হয়েছে।
