নির্বাচন কমিশন হবে জাতীয় দুশমন: নোমান
দশম জাতীয় সংসদের তফসিল বাতিল না করলে নির্বাচন কমিশন জাতীয় দুশমন হিসেবে চিহ্নিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।
সোমাবার সকালে নগর বিএনপি আয়োজিত বিজয় দিবসের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
নোমান বলেন, আওয়ামী লীগের ভোটবিহীন নির্বাচনের তামাশা দেশের জনগণ প্রত্যক্ষ করেছে। সিলেকশনের নির্বাচনে প্রার্থীও নেই। সরকার নিজের জালে নিজেই আটকা পড়েছে।
“ঘোষিত তফসিল অবিলম্বে স্থগিত করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচনের নতুন তফসিল ঘোষণা না করলে নির্বাচন কমিশন জাতীয় দুশমন হিসেবে চিহ্নিত হবে।”
নগরীর নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের সামনে নূর আহমেদ সড়কে সমাবেশটি অনুষ্ঠিত হয়।
এই বিএনপি নেতা বলেন, গণতন্ত্রের জন্য ৭১ সালে মুক্তিযোদ্ধারা যে সংগ্রাম করেছিল তার মূল লক্ষ্য ছিল একটি গণতান্ত্রিক ও আধুনিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা। কিন্তু ভোট ছাড়া নির্বাচনে জয়লাভ গণতান্ত্রিক ব্যবস্থাকে ভেঙ্গে দিয়েছে।
“ভোটবিহীন নির্বাচনে অংশগ্রহণ করে যারা প্রার্থী হয়েছেন তারা এখন জনগণের প্রতিপক্ষ। জনগণ তাদের জাতীয় বেঈমান ও গণতন্ত্রের শত্রু হিসেবে চিহ্নিত করে রাখবে।
বর্তমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণ সম্ভব মন্তব্য করে নোমান বলেন, প্রধানমন্ত্রী পদত্যাগ করে সামাজিক ও রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে আলোচনা করে সংকট সুরাহা করতে না পারলে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি তা ভূলুণ্ঠিত হবে। অরাজনৈতিক শক্তি ও দুর্নীতিবাজদের লুটপাটের পথ সুগম হবে।
সমাবেশ শেষে র্যালিতে অংশ নেন বিএনপির কয়েক হাজার নেতাকর্মী। নেতাকর্মীরা নানা রঙের বেলুন ও জাতীয় পতাকা নিয়ে বিজয় র্যালিতে অংশ নেন।
নগর বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক সৈয়দ ওয়াহিদুল আলম, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহদাত হোসেন, বিএনপির কেন্দ্রীয় সদস্য আনোয়ার হোসাইন, বিএনপি নেতা এম এ সবুর, আবদুস সাত্তার ও কাজী আকবর।
