জনগণই নাশকতা প্রতিরোধ করবে: মহিউদ্দিন
দেশজুড়ে জামায়াত-শিবিরের চলমান নাশকতা প্রতিরোধে শান্তিকামী জনগণ এগিয়ে আসবে বলে মন্তব্য করেছেন নগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী।
বিজয় দিবসে সোমবার দুপুরে নগরীর ষোলশহরে নিজের বাসায় সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন।
চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক এই মেয়র বলেন, “যুদ্ধাপরাধী-নারী নির্যাতনকারীদের বিচার হচ্ছে। যুদ্ধাপরাধীর সাজার রায় কার্যকর হচ্ছে। এতে দুঃখ পাওয়ার কিছু নেই। এর জন্য সুখী হওয়া প্রয়োজন।
“সন্ত্রাস করলে আমরা নিশ্চুপ থাকব না। দেশের ১৪ কোটি মানুষ সন্ত্রাস থেকে মুক্ত হতে চায়। সন্ত্রাস প্রতিরোধের জন্য জনগণ এগিয়ে যাবে।
যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর রায় কার্যকরের ক্ষেত্রে নাশকতা হলে কী ধরনের ব্যবস্থা নেয়া হবে জানতে চাইলে মহিউদ্দিন চৌধুরী বলেন, “চট্টগ্রামে কেউ যুদ্ধাপরাধী থাকলে তার বিচার হচ্ছে। সে একটু হিম্মতওয়ালা। তবে কেউ নাশকতার চেষ্টা করলে আমরা সৎ সাহস নিয়ে এগিয়ে যাব।”
জামায়াত-শিবিরের নাশকতা প্রতিরোধে নগর আওয়ামী লীগের উদ্যোগে ছাত্র-যুবক-শ্রমিক-জনতা নিয়ে মাঠ তৈরির কাজ চলছে, বলেন তিনি।
বিভিন্ন সময় চট্টগ্রামকে সারাদেশ থেকে বিচ্ছিন্ন করতে হেফাজতে ইসলামের হুমকির বিষয়ে মহিউদ্দিন বলেন, “ভুলক্রমে হেফাজত প্রাধান্য পেয়ে গেছে। আমাদের কিছু ভুল ছিল। কোনো অবস্থাতেই তারা আর এগিয়ে যেতে পারবে না।”
গণমাধ্যম কর্মীদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে তিনি বলেন, “অন্যায়কে প্রতিহত করার দক্ষতা-যোগ্যতা আমাদের আছে। বঙ্গবন্ধু হত্যার বিচার হবে না বলা হয়েছিল, কিন্তু হয়েছে। যুদ্ধাপরাধীদের বিচার নিয়েও সংশয় ছিল, সেই বিচারও হচ্ছে।
এসময় নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাছির উদ্দিন, শ্রমিক লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সফর আলী ও নগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
