২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা গণতন্ত্র আজ অবরুদ্ধ: বিএনপি

বিজয় দিবসের আলোচনায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকারের সমালোচনা করে বিএনপি বলেছে, মুক্তিযুদ্ধের স্বপ্ন গণতন্ত্র এখন ‘অবরুদ্ধ’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2013, 07:16 PM

Updated : 23 Aug 2022, 07:29 PM

সোমবার জাতীয় প্রেসক্লাবে বিএনপির এই আলোচনা সভায় দলটির এক সময়ের নেতা ও বর্তমানে এলডিপির সভাপতি অলি আহমদ বীর বিক্রমও বক্তব্য রাখেন। বিএনপি নেতাদের মধ্যে বক্তব্য রাখেন হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, শাহজাহান ওমর বীর বিক্রম।

মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামীর জোটসঙ্গী বিএনপির বিজয় দিবসের আলোচনায় সব বক্তাই মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগের দেশ পরিচালনার সমালোচনা করেন।

‘গণতন্ত্র পুনরুদ্ধারে’ চলমান আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে আসার আহ্বান জানান তারা। ঘোষিত তফসিল অনুযায়ী ৫ জানুয়ারি নির্বাচনের আগেই সরকারের পতন ঘটানোর ডাক দেন তারা। 

অলি আহমদ বলেন, “ইতিহাস হচ্ছে- একাত্তরে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা দেয়ার পরই যুদ্ধ শুরু হয়েছিল। ওই সময়ে আওয়ামী লীগের নেতারা ভারতে পালিয়ে যান। আওয়ামী লীগের নেতারা কেউই সম্মুখযুদ্ধে অংশ নেয়নি। বিএনপিতেই রয়েছেন সম্মুখ যুদ্ধের মুক্তিযোদ্ধারা।”

মুক্তিযুদ্ধের ঘোষণা নিয়ে বিতর্কে সর্বোচ্চ আদালত এক রায়ে বলেছে, সেক্টর কমান্ডার জিয়া নন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই স্বাধীনতার ঘোষক।  

বিএনপির সহসভাপতি হাফিজউদ্দিন বলেন, “দেশের বর্তমান অবস্থা দেখলে মনে হয় না, আজ বিজয় দিবস। মনে হয়, হানাদার বাহিনীর মতো সরকারের পেটোয়া বাহিনী গণতন্ত্রপ্রেমী মানুষকে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করছে।

“একাত্তর সালে জীবন বাজি রেখে গণতন্ত্র বিকশিত করার চেতনায় উদ্ধুদ্ধ হয়েই যুদ্ধ করেছিলাম।”

বর্তমান সরকারকে ‘সন্ত্রাসী সরকার’ আখ্যায়িত করে তিনি বলেন, “একতরফা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার যে নজির সৃষ্টি করা হয়েছে, তাতে আজ সবাই সরকারকে ছি ছি বলছে।

“সবাইকে বলব, একতাবদ্ধ হয়ে এমন গণআন্দোলন আমাদের গড়ে তুলতে হবে, যাতে ৫ জানুয়ারির আগেই এই সরকারের পতন ঘটানো যায়।”

রাজনৈতিক সংঘাত অবসানে রাজপথে নামা ব্যবসায়ীদের উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শাহজাহান ওমর বলেন, “দেশের বর্তমান পরিস্থিতির জন্য শেখ হাসিনাই দায়ী। আপনারা কেন তার ওপর চাপ সৃষ্টি করছেন না। খালেদা জিয়াকে না বলে শেখ হাসিনাকে বলুন ক্ষমতা ছেড়ে দিতে।”

সেলিমা রহমানের সভাপতিত্বে এই আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মুহম্মদ জমিরউদ্দিন সরকার, কেন্দ্রীয় নেতা শামসুজ্জামান দুদু, ফজলুল হক মিলন, খায়রুল কবীর খোকন, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতও বক্তব্য রাখেন।

জমিরউদ্দিন সরকার বলেন, “দেশে এখন আইনের শাসন বলে কিছু নেই। দমনপীড়নের মাধ্যমে সরকার দেশটাকে জেলখানায় পরিণত করেছে।”

বিজয় দিবসে দিনব্যাপী কর্মসূচির সূচনাতে দলের চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া ভোরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দেন। এরপর জিয়াউর রহমানের কবরে ফুল দেন তিনি।

এরপর প্রেসক্লাবে আলোচনা অনুষ্ঠান করে বিএনপি। অনুষ্ঠান পরিচালনা করেন দলের সহ দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম ও আসাদুল করীম শাহিন।