২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এরশাদের মুক্তি চান বদরুদ্দোজা

জাতীয় পার্টি চেয়ারম্যান এইচ এম এরশাদের আটক হওয়া নিয়ে নানা ভাষ্যের মাধ্যেই তার মুক্তি দাবি করেছেন সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2013, 05:56 PM

Updated : 23 Aug 2022, 07:28 PM

শনিবার এক বিবৃতিতে বিকল্পধারার সভাপতি বি চৌধুরী বলেন, এরশাদ সাহেব একতরফা সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন। এরপর তাকে চিকিৎসার নামে আটক করে রাখা হয়েছে।

“এরশাদ সাহেবের কথা অনুযায়ী তার কোনো রোগ নেই। এই অবস্থায় জবরদস্তি করে এরশাদকে সিএমএইচ-এ ভর্তি করার বিষয়টি অগণতান্ত্রিক এবং প্রচলিত রাজনৈতিক নীতিমালাবিরোধী।”

গত বৃহস্পতিবার রাতে র‌্যাব পাহারায় জাতীয় পার্টি চেয়ারম্যান এইচ এম এরশাদকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দলের শীর্ষ নেতাদের কেউ কেউ তাকে আটক করার কথা বললেও এ পর্যন্ত এরশাদ নিজে কোনো কথা বলেননি।

বদরুদ্দোজা চৌধুরী বলেন, “আমরা মনে করি শুধু দলীয় স্বার্থে কোনো রাজনৈতিক নেতাকে আটক রাখা কিছুতেই গ্রহণযোগ্য নয়। বিকল্পধারা অবিলম্বে এরশাদের মুক্তি দাবি করছে।”