সমঝোতা ছাড়া মুক্তি নেই: মাহবুব
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান বলেছেন, সংকট থেকে মুক্তি পেতে হলে একগুয়েমি পরিহার করে সমঝোতায় আসতে হবে।
শুক্রবার সকালে এক আলোচনা সভায় তিনি বলেন, “বাংলাদেশের গণতন্ত্র আজ হুমকির মুখে। সংকটের আবর্তে আমরা খাদের কিনারায় দাঁড়িয়ে আছি। এই থেকে মুক্তি পেতে হলে একগুয়েমি পরিহার করে সমঝোতায় আসতে হবে। সরকারকে বলবো সংলাপের মাধ্যমে সমঝোতার পথ উন্মুক্ত করুন।”
জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের উদ্যোগে ‘বুদ্ধিজীবী দিবস ও বর্ণবাদ বিরোধী অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা’ শীর্ষক এই আলোচনা সভা হয়।
দেশের বর্তমান পরিস্থিতিকে ‘অগ্নিগর্ভ’ মন্তব্য করে সাবেক সেনা প্রধান মাহবুবুর রহমান বলেন, “সারাদেশে অস্থিতিশীলতার আগুন জ্বলছে। মানুষ মারা যাচ্ছে। অর্থনীতি ভেঙ্গে পড়ছে। এভাবে দেশকে সামনে দিকে এগিয়ে নেয়া যাবে না। সংকটের সমাধানে সংলাপে বসে উপায় বের করতে হবে।”
নিজেদের সমস্যা সমাধানে সংলাপে বসতে না পারার কথা উল্লেখ করে তিনি বলেন, “আমরা নিজেরা আলোচনায় বসতে পারলাম না। জাতিসংঘের মহাসচিবের বিশেষ দূত অস্কার ফার্নান্দেজ-তারানকো সাহেব এসে আমাদের সংলাপে বসালো। এটা আমাদের জন্য দুঃখজনক বলে আমি মনে করি।”
রাজনৈতিক সংঘাত ও সহিংসতার জন্য সরকারের দমনপীড়ন নীতিকে দায়ী করে এর কঠোর সমালোচনা করেন এই সাবেক সেনা প্রধান।
সংগঠনের সভাপতি হুমায়ুর কবির ব্যাপারীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার, যুবদলের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম আজাদ, বিএনপির সহ-দপ্তর সম্পাদক আসাদুল করীম শাহিন, নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার, সাবেক ছাত্র নেতা সুরঞ্জন ঘোষ, তাঁতী দলের সহসভাপতি জাহাঙ্গীর আলম মিন্টু প্রমুখ বক্তব্য রাখেন।
এর আগে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতীয়তাবাদী দল সমর্থিত বিক্ষুব্ধ লেখক,শিল্পী ও সাংস্কৃতিক কর্মীবৃন্দের ব্যানারে মানববন্ধন করা হয়।
এতে ছড়াকার আবু সালেহ, অধ্যাপক আবদুল মান্নান মিয়া, অধ্যাপক খলিলুর রহমান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধানসহ শিল্পীরা উপস্থিত ছিলেন।
