২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পাতানো নির্বাচনে না যাওয়ায় এরশাদ হাসপাতালে’

একতরফা পাতানো নির্বাচনে অংশ না নেয়ার কারণেই হুসেইন মুহাম্মদ এরশাদকে ‘গ্রেপ্তার করে’ হাসপাতালে পাঠানো হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2013, 02:00 PM

Updated : 23 Aug 2022, 07:28 PM

শুক্রবার এক বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘‘শুধুমাত্র একটি সাজানো পাতানো ও নীল নকশার নির্বাচনে অংশ না নেয়ার কারণেই জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদকে গ্রেপ্তার করা হয়েছে বলে আমরা মনে করি। তার গ্রেপ্তার প্রমাণ করে দেশে গণতন্ত্রের লেশমাত্র নেই।”

অবিলম্বে এরশাদের ‘মুক্তি’ দাবি করেন ফখরুল।

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয়ার পর আওয়ামী লীগের সঙ্গে টানাপড়েনের মধ্যেই বৃহস্পতিবার গভীল রাতে র্যাবের পাহারায় জাতীয় পার্টি চেয়ারম্যান এইচ এম এরশাদকে হাসপাতালে নিয়ে যাওয়ার ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দেয়।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য কাজী ফিরোজ রশীদ প্রথমে দলের চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে বলে  জানালেও তা অস্বীকার করে র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক হাবিবুর রহমান বলেন, অসুস্থ বোধ করার এরশাদকে সিএমএইচে নিয়ে যাওয়া হয়েছে।

পরে রাত সোয়া ২টার দিকে সংবাদ সম্মেলন করে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন,  এরশাদ সিএমএইচে চিকিৎসা নিচ্ছেন। সুস্থ হলেই বাসায় ফিরবেন।

মির্জা ফখরুল বিবৃতিতে বলেন, “যেভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে, তাতে আমরা  অত্যন্ত উদ্বিগ্ন। এই তথাকথিত একদলীয় নির্বাচন একটি প্রহসন ছাড়া আর কিছুই নয়।”

বিএনপির বর্জনের মধ্যে এরশাদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেও আওয়ামী লীগ তাদের আশা ছাড়ছিল না। জাতীয় পার্টির জন্য ৬০টি আসন রেখেই দশম সংসদ নির্বাচনের আসন বণ্টন বুধবার চূড়ান্ত করে ক্ষমতসীন আওয়ামী লীগ।

তফসিল ঘোষণার পর ৫ জানুয়ারির ভোটে অংশ নেয়ার জন্য ২ ডিসেম্বর জাতীয় পার্টির প্রার্থীরাও মনোনয়নপত্র দাখিল করেন। কিন্তু এর পরদিনই এরশাদ এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেন, বিরোধী দল বিএনপিসহ সব দল না আসায় এবং ‘পরিবেশ না থাকায়’ জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে না।

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয়ার পর জাতীয় পার্টির মন্ত্রী-প্রতিমন্ত্রীদেরও পদত্যাগ করতে বলেন এরশাদ। এনিয়ে তার দলের মধ্যে দফায় দফায় আলাদা বৈঠকের খবর সাংবাদিকদের কাছে এলেও বারবার সিদ্ধান্ত পরিবর্তনের জন্য পরিচিত এরশাদ বলে যান, তার সিদ্ধান্ত ‘চূড়ান্ত’।

নির্বাচনে অংশগ্রহণ নিয়ে জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর আহমেদ সম্প্রতি বলেন, ‘বিশ্বস্ত সূত্রে’ তিনি খবর পেয়েছেন যে এরশাদ এখন অবসর নেবেন এবং রওশন এরশাদ দলের চেয়ারম্যানের দায়িত্ব নেবেন।

তবে মহাসচিব হাওলাদার বলেন, এরশাদ জাতীয় পার্টির চেয়ারম্যান ছিলেন, এখনো চেয়ারম্যান আছেন।

পুরনো খবর:

‘মনে হচ্ছে না এরশাদ আটক’