সংবিধানের মধ্যে থেকে নির্বাচন: হাসিনাকে বান কি-মুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে সংবিধান অনুসারে নির্বাচনের কথা বলেছেন জাতিসংঘ মহাসচিব বান কি-মুন।
জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ-তারানকোর মধ্যস্থতায় দুই প্রধান দলের সংলাপের মধ্যে বুধবার বিকালে এই ফোন আসে বলে প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানিয়েছেন।
বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে উদ্বেগ থেকে দুই দলকে সমঝোতায় রাজি করাতে দূত হিসেবে জাতিসংঘের সহকারী মহাসচিব ফার্নান্দেজ-তারানকোকে পাঠান বান কি-মুন।
তার মধ্যস্থতায় আওয়ামী লীগ ও বিএনপির নেতারা মঙ্গল ও বুধবার দুই দফায় বৈঠকে বসেন। এরপর সফরের সাফল্য নিয়ে ফার্নান্দেজ-তারানকোর সংবাদ সম্মেলনের আগেই শেখ হাসিনাকে টেলিফোন করেন বান কি-মুন।
আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, ফার্নান্দেজ-তারানকোকে সর্বোত সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন বান কি-মুন।
“জাতিসংঘ মহাসচিব বলেছেন, বাংলাদেশের আগামী নির্বাচন দেশের সংবিধান অনুযায়ী হবে এবং গণতন্ত্র সমুন্নত থাকবে,” বলেন প্রেসসচিব।
নির্বাচনকালীন সরকার নিয়ে দুই প্রধান দলের মতভেদ থেকে সংঘাত-সহিংসতার মধ্যে দেশে রাজনৈতিক সঙ্কটের আশঙ্কা করা হচ্ছে।
ক্ষমতাসীন আওয়ামী লীগ সংবিধান অনুসারে নির্বাচনের পক্ষে। অন্যদিকে প্রধান বিরোধী দল নির্বাচনের সময় নির্দলীয় সরকারকে ক্ষমতায় চায়।
জাতিসংঘ মহাসচিবের দূত সফর শেষে ফেরার আগে সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে বলেন, তিনি সংলাপের ভিত তৈরি করে দিয়েছেন এবং আশা করছেন দুই প্রধান দল তা এগিয়ে নেয়ার মধ্যদিয়ে সমাধানে পৌঁছবে।
নির্দলীয় সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের হরতাল-অবরোধে সহিংসতায় প্রাণহানিতে উদ্বেগ প্রকাশ করে তা এখনি বন্ধ করতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান বান কি-মুন।
বান কি-মুন এর আগেও বাংলাদেশে চলমান সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। দুই প্রধান নেত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়াকে এর আগেও টেলিফোন করে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার আহ্বান জানিয়েছিলেন তিনি।
জাতিসংঘ মহাসচিবের আগে সকালে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে চলমান সংঘাত-সহিংসতায় উদ্বেগ জানান।
