২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এরশাদের মনোনয়ন প্রত্যাহারের আবেদন ফেরত

তারিখ ভুল দেয়ায় জাতীয় পার্টি চেয়ারম্যান এইচ এম এরশাদের ঢাকা-১৭ আসনের মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন গ্রহণ করেনি রিটার্নিং কর্মকর্তা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2013, 05:27 PM

Updated : 23 Aug 2022, 07:27 PM

অবশ্য লালমনিরহাট-১, রংপুর-৩ আসনের আবেদনপত্র গৃহীত হয়েছে।

নির্বাচনে অংশ নিতে গত ২ ডিসেম্বর ২৯৯টি আসনে প্রার্থী মনোনয়ন দেয় জাপা। পরে নির্বাচন থেকে সরে আসার ঘোষণা দিয়ে প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের নির্দেশ দেন এরশাদ।

পাশাপাশি তিনি নির্বাচনকালীন সরকারের মন্ত্রিসভা থেকেও দলের সাত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদেরও পদত্যাগ করতে বলেন।

এরই ধারাবাহিকতায় বুধবার মনোনয়নপত্র প্রত্যাহারে চিঠি দেন এরশাদ। তবে ঢাকায় চিঠি দেয়ার পরপরই তা গ্রহণ না করে ফেরত দেয়া হয়। 

চিঠি ফেরত দেয়ার কারণ সম্পর্কে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা জিল্লার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিনি (এরশাদ) ১১ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য চিঠি দিলেও তাতে তারিখ ছিল ৫ ডিসেম্বর। আমি তো এই চিঠি নিতে পারি না।”

দুপুরে এরশাদের একান্ত সচিব মেজর (অব) খালেদ আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লালমনিরহাট এবং রংপুরে মনোনয়নপত্র গৃহীত হয়েছে। কিন্তু ঢাকা-১৭ আসনের মনোনয়নপত্র প্রত্যাহারের চিঠিতে তারিখ ভুল থাকায় তা ফেরত পাঠানো হয়েছে। বৃহস্পতিবার আবার চিঠি দেয়া হবে।”  

Image
File Photo

File Photo

এর আগে ঢাকা, রংপুর ও লালমনিরহাটে রিটার্নিং কর্মকর্তার কাছে প্রতিনিধির মাধ্যমে চিঠি পাঠানোর কথা জানান জাপা চেয়ারম্যানের রাজনৈতিক ও প্রেস সচিব সুনীল শুভরায়।

এদিকে বেলা ১২টায়  রংপুর-৩ (সদর) আসনের মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক ফরিদ আহাম্মদের কাছে এরশাদের পক্ষে আবেদন জমা দেন দলের প্রেসিডয়াম সদস্য ও রংপুর জেলা সভাপতি মসিউর রহমান রাঙ্গা।

এছাড়া লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতীবান্ধা) আসনের মনোনয়ন প্রত্যাহারে বেলা দেড়টায় রিটার্নিং অফিসার জেলা প্রশাসক হাবিবুর রহমানের কাছে একই ধরনের আরেকটি আবেদন জমা দেয়া হয়।

দুই জেলা প্রশাসকই এরশাদের আবেদন পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৩ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে এরশাদের বিষয়টি ফয়সালা হবে।  

নবম সংসদ নির্বাচনে এরশাদ রংপুর-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে আসনটি ছেড়ে দিলে উপনির্বাচনে তার স্ত্রী রওশন এরশাদ সংসদ সদস্য নির্বাচিত হন।