২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর কারণেই সুরাহা হচ্ছে না: নোমান

প্রধানমন্ত্রীর ‘ক্ষমতালিপ্সার’ কারণে চলমান রাজনৈতিক সংকটের সুরাহা হচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2013, 07:44 PM

Updated : 23 Aug 2022, 07:26 PM

মঙ্গলবার সকালে অবরোধের সমর্থনে এক সমাবেশে নোমান এ কথা বলেন।

নগরীর নূর আহমদ সড়কে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে তিনি বলেন, “আওয়ামী লীগ সমঝোতা চায় না। কারণ রাজনৈতিক সমঝোতার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগ ৩০টি আসনও পাবে না।”

Image
ফাইল ছবি

ফাইল ছবি

চলমান আন্দোলনকে জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলন দাবি করে বিএনপির এই নেতা বলেন, “দেশনেত্রী  খালেদা জিয়ার নেতৃত্বে চলমান আন্দোলন শুধু তত্ত্বাবধায়ক সরকারের জন্য নয়। সরকারের দুর্নীতি, লুটপাট ও দুঃশাসনের বিরুদ্ধেও এই আন্দোলন।”

নগর বিএনপির সহসভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক সৈয়দ ওয়াহিদুল আলম, কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ার হোসাইন, নগর বিএনপি নেতা জাহাঙ্গীর আলম চৌধুরী, আবদুস সাত্তার প্রমুখ।

সমাবেশের আগে আবদুল্লাহ আল নোমানের নেতৃত্বে অবরোধের সমর্থনে একটি মিছিল নগরীর বিভিন্ন সড়ক ঘুরে নাসিমন ভবনে এসে শেষ হয়।