২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নির্বাচনের পাঁয়তারা করে লাভ নেই’

সর্বদলীয় সরকারের অধীনে নির্বাচনকে ‘যাত্রীবিহীন ট্রেন’ আখ্যায়িত করে বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেছেন, এই ট্রেনকে গন্তব্যে পৌঁছাতে দেয়া হবে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2013, 07:18 PM

Updated : 26 Jul 2022, 03:06 PM

মঙ্গলবার বিকালে এক সংবাদ ব্রিফিংয়ে দলের স্থায়ী কমিটির এই সদস্য বলেন, “আমরা সরকারকে হুঁশিয়ার করে বলতে চাই- জনগণই সকল ক্ষমতার উৎস। এই কথাটি তারা বেমালুম ভুলে গিয়ে জনগণেরর আশা-আকাঙ্ক্ষাকে পদদলিত করে প্রহসনের নির্বাচন অনুষ্ঠানের যে পাঁয়তারা করছে, তা কোনদিনই সফল হতে দেব না।

“প্রধানমন্ত্রীকে সবিনয়ে বলতে চাই, প্যাসেঞ্জারবিহীন নির্বাচনী ট্রেন যেভাবে দ্রুতগতিতে চালিয়ে গন্তব্যে পৌঁছার চেষ্টা করছেন, তা কোনদিন সফল হবে না।”

গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিকালে এই সংবাদ ব্রিফিং হয়।

নির্দলীয় সরকারের দাবি মেনে নেয়ার আহ্বান জানিয়ে নজরুল ইসলাম খান বলেন, “এখনো সময় আছে, সরকারের শুভবুদ্ধির উদয় হবে। আমরা আশা করি, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে তারা (সরকার) নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে রাজি হবে।”

বিরোধী দলের বিরুদ্ধে সরকারের নাশকতা সৃষ্টির অভিযোগের জবাবে তিনি বলেন, “১৮ দলীয় জোট যখন নির্দলীয় সরকারের দাবিতে শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি পালন করছে, তখন সরকারের বিভিন্ন এজেন্টরা নাশকতা চালিয়ে ১৮ দলীয় জোটের ওপর দোষ চাপানোর চেষ্টা চালাচ্ছে।’’

অবিলম্বে নেতা-কর্মীদের মুক্তি দাবি জানিয়ে নজরুল ইসলাম খান বলেন, ‘‘সরকারের উদ্দেশ্যে আমরা বলতে চাই, ক্ষমতার মোহ ত্যাগ করে দেশ ও জনগণের স্বার্থে সংকট নিরসনে যথাযথ উদ্যোগ নিয়ে রক্তক্ষয় ও নৈরাজ্যের পথ থেকে সরে আসুন।”

তিনি দাবি করেন, বিরোধীদলের অবরোধ কর্মসূচির চতুর্থ দিনে সারাদেশে একজন নিহত, ৭৪৪ জন আহত, ২৭৭ জন গুলিবিদ্ধ ও ২৯৯ জন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া দুই হাজার তিনশ নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা হয়েছে মিথ্যা মামলা। ভ্রাম্যমাণ আদালতে সাজা হয়েছে দুই জনের।

সংবাদ ব্রিফিঙে দলের সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম ও আসাদুল করীম শাহিন প্রমুখ উপস্থিত ছিলেন।