রংপুরে আ. লীগের সমাবেশে বোমা হামলা
রংপুরের মিঠাপুকুর উপজেলায় আওয়ামী লীগের সমাবেশে হাতবোমা হামলায় পুলিশসহ ছয়জন আহত হয়েছে।
মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় দলীয় কার্যালয়ের সামনে জামায়াত-শিবির সমর্থকরা এ হামলা চালায় বলে পুলিশ জানিয়েছে।
আহতদের মধ্যে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন সরকার, যুবলীগকর্মী মির্জা সোহাগ ও মিঠাপুকুর থানার কনস্টেবল শহিদুল ইসলাম।
এদের মধ্যে কনস্টেবল শহিদুলকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মিঠাপুকুর থানার ওসি মোয়াজ্জেম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা ৪টায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হরতাল বিরোধী মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ শুরু করেন।
“সাড়ে ৪টার দিকে সমাবেশস্থল লক্ষ্য করে ৫টি হাতবোমা নিক্ষেপ করে জামায়াত-শিবির সমর্থকরা।”
তিনি আরো বলেন, এ নিয়ে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোড়ে পুলিশ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে।
মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ২৮ ফেব্রুয়ারি জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় দেয়ার পরপরই উপজেলা আওয়ামী লীগের কার্যালয় পুড়িয়ে দিয়েছিল জামায়াত-শিবির সমর্থকরা।
