২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রদল সভাপতি ফের ৬ দিনের রিমান্ডে

অবরোধে সহিংসতার অভিযোগে দুটি মামলায় ছাত্রদল সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির এক সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য আবারো তিন দিন করে মোট ছয় দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছে আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2013, 05:34 PM

Updated : 25 Apr 2022, 07:38 PM

মঙ্গলবার দুটি মামলায় ছাত্রদলের সভাপতি আব্দুল কাদের ভুইয়া ও কেন্দ্রীয় কমিটির সদস্য শরীফ উদ্দিনকে জিজ্ঞাসাবাদে ১০ দিনের রিমান্ড আবেদন করলে তিন দিন করে মোট ছয় দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

এ সময় আসামি পক্ষের অন্যতম আইনজীবী জয়নাল আবেদিন মেসবাহ অভিযুক্তদের রিমান্ড বাতিল করে জামিন আবেদন করলে তা নাকচ হয়।

এর আগে আব্দুল কাদের ভূইয়া জুয়েল এবং শরীফ উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিন রিমান্ড মঞ্জুর করেছিলেন মহানগর হাকিম।

পল্টন মসজিদের গলিতে গাড়ি ভাঙচুর হোটেল মিডওয়ের সামনে হাতবোমা নিক্ষেপের ঘটনায় মতিঝিল থানায় দায়ের করা মামলায় ৬ ডিসেম্বর তাদের রিমান্ডে নেয়া হয়।

দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর তা বাতিল এবং নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে বিরোধী ১৮ দলীয় জোটের টানা অবরোধ কর্মসূচিতে হত্যার উদ্দেশ্যে বোমা ফাটানো, পুলিশের কাজে বাধা, চালকদের মারধরের অভিযোগে মতিঝিল থানায় দুটি মামলা করে পুলিশ।

সোমবার এ দুটি মামলার অপর তিন আসামি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ও কার্যনির্বাহী সদস্য বেলাল আহমেদকে রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করে পুলিশ।

কিন্তু মহানগর হাকিম আসাদুজ্জামান নূর তা নাকচ করে তাদের কারা ফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

গত ২৮  নভেম্বর রাতে রাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টরের ২০ নম্বরের একটি বাসা থেকে আব্দুল কাদের ভুইয়াকে আটক করে গোয়েন্দা (ডিবি) পুলিশ। একই সময় কেন্দ্রীয় কমিটির সদস্য শরীফ উদ্দিনকেও আটক করা হয়।