মিছিলের মধ্যে ‘হৃদরোগে’ বিএনপি কর্মীর মৃত্যু
অবরোধের সমর্থনে মিছিল করতে গিয়ে খুলনার খালিশপুরে হৃদরোগে এক বিএনপি কর্মীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর বৈকালী এলাকায় হেলাল (৪৭) মারা যান বলে
খালিশপুর থানার ওসি সুকুমার বিশ্বাস জানান।
খালিশপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান মিঠু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অবরোধের সমর্থনে বিএনপি গোয়ালখালী থেকে বৈকালী পর্যন্ত একটি মিছিল করে। বৈকালীতে গিয়ে হেলাল হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে গাজী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের চিকিৎসক বঙ্গকমল বসু বলেন, হেলালকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। হৃদরোগেই তার মৃত্যু হয়েছে। লাশ স্বজনরা নিয়ে গেছে।
