২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন ঠেকাতে আন্তর্জাতিক ষড়যন্ত্র: নাসিম

নির্বাচন ঠেকাতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ‘ষড়যন্ত্রের’ অভিযোগ তুলে মোহাম্মদ নাসিম বলেছেন, শেখ হাসিনাকে বাদ দিয়ে ভোটের চেষ্টা হলে তা আওয়ামী লীগ মানবে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2013, 12:27 PM

Updated : 23 Aug 2022, 07:27 PM

মঙ্গলবার সকালে সোহরাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তনে ১৪ দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি। 

১৪ দলের কেন্দ্রীয় মুখপাত্র নাসিম বলেন, “পাঁচ জানুয়ারি যাতে নির্বাচন না হতে পারে, সেজন্য জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্ত শুরু হয়েছে। কিন্তু আমি শহীদদের নামে শপথ করে বলতে চাই, এ নির্বাচন হবেই।

“মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি সেই নির্বাচনে জয়ী হয়ে শেখ হাসিনার নেতৃত্বে দ্বিতীয় মুক্তিযুদ্ধ শেষ করবে।”

নির্বাচন ঠেকাতে কারা কী ষড়যন্ত্র করছে- তা না জানালেও তিনি বলেন, সংকট নিরসনে আওয়ামী লীগ বিদেশিদের ‘সহযোগিতা ও পরামর্শ’ নিতে পারে, তবে কারো ‘নির্দেশ’ মানবে না। 

“আওয়ামী লীগ কারো কাছে নতি স্বীকার করার দল নয়। শেখ হাসিনাকে বাদ দিয়ে নির্বাচন করার কোনো প্রশ্নই আসে না। আওয়ামী লীগ তা মেনে নেবে না।”

নির্বাচন সামনে রেখে বাংলাদেশে রাজনৈতিক সংকট নিরসনে জাতিসংঘ মহাসচিবের দূত অস্কার ফার্নান্দেজ-তারানকোর চেষ্টার মধ্যেই আওয়ামী লীগ নেতা আসিমের এই বক্তব্য এলো।

দেশের রাজনৈতিক সংকট নিরসনে জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ-তারানকোর প্রচেষ্টা সফল হবে কি না- জানতে চাইলে মোহাম্মদ নাসিম বলেন, “বিদেশিবন্ধুরা আমাদের ব্যাপারে আগ্রহী। তারা চায়, এখানে (বাংলাদেশ) শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকুক। জনগণের ইচ্ছানুযায়ী সংবিধান মোতাবেক যথা সময়ে নির্বাচন হবে।”

দুই প্রধান দলকে সমঝোতায় রাজি করানোর লক্ষ্য নিয়ে গত শুক্রবার ঢাকায় আসার পর আওয়ামী লীগের সঙ্গে দুই দফা বৈঠক করেন জাতিসংঘের সহকারী মহাসচিব। খালেদা জিয়ার সঙ্গে দুই দফা আলোচনার পাশাপাশি তিনি আলাদা বৈঠক করেন বিএনপির দুই নেতার সঙ্গেও।

এছাড়া জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ, জামায়াতে ইসলামী ও নির্বাচন কমিশনের সঙ্গেও তিনি বসেছেন।

মনোনয়নপত্র জমা দিয়েও আকস্মিকভাবে ভোটে না যাওয়ার ঘোষণা দেয়া এরশাদ রোববার বিবিসি বাংলাকে বলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদে না থাকলে বিএনপি নির্বাচনে আসতে পারে বলে মনে করেন তিনি।    

Image
ফাইল ছবি

ফাইল ছবি

অবশ্য ফার্নান্দেজ-তারানকো দফায় দফায় বৈঠকে কোনো নির্দিষ্ট প্রস্তাব নিয়ে আলোচনা করছেন কি না, বা তাতে কোনো অগ্রগতি হচ্ছে কি না- সে বিষয়ে বিএনপি বা আওয়ামী লীগের কোনো নেতা প্রকাশ্যে মুখ খোলেননি।

১৪ দলের মুথপাত্র নাসিম আরো বলেন, “৭১’র অসম্পূর্ণ যুদ্ধ যখন শেষের দিকে সেই মুহূর্তে বিএনপির ছত্রছায়ায় অবরোধ-হরতালের নামে মানুষের রক্ত নেয়া হচ্ছে।”

কাদের মোল্লার রায় কার্যকর হলে নাশকতা প্রতিরোধে আওয়ামী লীগ মাঠে থাকবে কি না জানতে চাইলে নাসিম বলেন, “তারা অবরোধ ও হরতাল ডেকে আন্ডারগ্রাউন্ড এ থাকে, আমরাই মাঠে। রায় কার্যকর হলেও মাঠে থাকবো।”

তিনি বলেন, “জামায়াত-শিবিরের নৈরাজ্যের সুরাহা হবে নির্বাচনের মধ্য দিয়ে। ৭১ এর ঘাতক ও ৯০ এ স্বৈরাচারের বিজয় হয়নি, জনগণের বিজয় হয়েছে। এখনো জনগণেরই বিজয় হবে।”

শহীদের স্মৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের এই কর্মসূচিতে আরো অংশ নেন ওয়ার্কাস পার্টির সভাপতি ডাকা ও টেলি যোগাযোগ মন্ত্রী রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের(জাসদ) সাথারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, গণতন্ত্রী পর্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন প্রমুখ।