২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এরশাদকে আদালতে নেয়ার হুমকি কাজী জাফরের

 ‘মিথ্যা’ বক্তব্যের জন্য জাতীয় পার্টি চেয়ারম্যান এইচ এম এরশাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছেন দলটি থেকে বহিষ্কৃত নেতা কাজী জাফর আহমেদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2013, 11:54 PM

Updated : 23 Aug 2022, 07:26 PM

নির্বাচনে জাতীয় পার্টির অংশগ্রহণ নিয়ে মতদ্বন্দ্বের জেরে বহিষ্কৃত কাজী জাফর আলাদা জাতীয় পার্টি গঠন করে তার চেয়ারম্যান হয়েছেন।

তিনি মঙ্গলবার এক বিবৃতিতে দুটি সংবাদ মাধ্যমে এরশাদকে উদ্ধৃত করে প্রকাশিত দুটি সংবাদের ওপর ভিত্তি করে আইনি ব্যবস্থা নেয়ার এই হুমকি দেন।

“তিনি আমার সম্পর্কে বলেছেন যে শর্তসাপেক্ষে আমি জাতীয় সংসদ নির্বাচনে যেতে চেয়েছি এবং বর্তমান প্রধানমন্ত্রীর কাছে উপদেষ্টার পদ, এক কোটি টাকা ও একটি গাড়ি চেয়েছি। এ খবর সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত।”

এরশাদ নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিলে তাকে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা দেন কাজী জাফর। এরপর তাকে বহিষ্কার করেন এরশাদ। পরে অবশ্য এরশাদই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

সামরিক শাসক এরশাদের দীর্ঘদিনের সঙ্গী কাজী জাফর বলেন, “আমি আমার দীর্ঘ রাজনৈতিক জীবনের সততা ও নিষ্ঠার ওপর আস্থা রেখে বলতে চাই, যে সরকার কর্তৃক সৃষ্ট এই বিরাজমান রাজনৈতিক সঙ্কটে অতীতের মতো রাজনৈতিক ফায়দা লোটার জন্য আমার সম্পর্কে এই ধরনের অযৌক্তিক, মিথ্যা, বানোয়াট এবং সাজানো উক্তি করেছেন।

“আমি এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে হুসেইন মুহাম্মাদ এরশাদকে উক্ত বক্তব্য প্রত্যাহারের জন্য অনুরোধ জানাচ্ছি। অন্যথায় আমি আইনের আশ্রয় নিতে বাধ্য থাকব।”