২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরের আ.লীগ-বিএনপি  সংঘর্ষ

পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরে বিএনপির নেতৃত্বে ১৮ দলের নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগের সংঘর্ষে পাঁচ পুলিশসহ অন্তত ২৫ জন আহত হয়েছে।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2013, 05:53 PM

Updated : 23 Aug 2022, 07:26 PM

সোমবার দুপুরে এ সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ শটগানের গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করেছে।

গুরুতর আহত ১৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বিএনপি-জামায়াতের ৩২ নেতা-কর্মীকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা সাড়ে ১১টার দিকে বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীরা স্থানীয় বালুর মাঠ থেকে মিছিল বের করলে পুলিশ বাধা দেয়।

এ সময় উপজেলা ১৮ দলের অবরোধ-নৈরাজ্যর প্রতিবাদে আওয়ামী লীগ শহরে একটি মিছিল বের করে। মিছিলটি পৌর আওয়ামী লীগ কার্যালয়ে পৌঁছামাত্র  মিছিলকে লক্ষ্য করে বিএনপি ও জামায়াত-শিবিরের কর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করে। উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে পৌর শহর এ সময় রণক্ষেত্রে পরিণত হয়।

এ সময় ইটের আঘাতে মঠবাড়িয়া থানার এএসআই মুরতাজুল, কনস্টেবল রেজাইল করিম, সোহরাব হোসেন, আনোয়ার হোসেন ও হারুন অর রশিদ আহত হন।

এছাড়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিউদ্দিন আহমেদ ফেরদৌস, সাবেক সভাপতি এ কে এম সেলিম মিয়া, আওয়ামী লীগ নেতা নূরুল ইসলাম, টিকিকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি হেমায়েত উদ্দিনসহ ২০ জন আহত হন।

মঠবাড়িয়া থানার ওসি এস এম এ যাহিদ জানান, পুলিশের ওপর আক্রমণ, সরকারি কাজে বাধাদান ও জনগণের জানমালের নিরাপত্তায় বিঘ্ন সৃষ্টির অভিযোগে আটক বিএনপি-জামায়াত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংঘর্ষ চলাকালে মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় শ্রেণির বার্ষিক পরীক্ষা (ইংরেজি) বন্ধ করে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে কক্ষ থেকে বের হয়ে যায়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরা বলেন, গোলাগুলি ও ইটপাটকেলে শিক্ষার্থীরা  আতঙ্কিতত হয়ে পড়লে তাদের পার্শ্ববর্তী সাইক্লোন শেল্টারে নিয়ে যাওয়া হয়।