২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কানসাটে বিএনপি নেতার উপর হামলা

অবরোধ ও হরতালের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে বিএনপির স্থানীয় এক নেতাকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।    

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চাঁপাইনবাবগঞ্জ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2013, 04:50 PM

Updated : 23 Aug 2022, 07:26 PM

তবে, কারা এ হামলা করেছে তা পুলিশ জানাতে পারেনি।

শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, সোমবার সকাল সাড়ে ১১টার দিকের নিমতলা এলাকায় এ ঘটনায় গুরুতর আহত কামরুল ইসলামকে (৩৮) প্রথমে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্বাস্থ্যকেন্দ্রের মেডিকেল অফিসার আজিজুল হক বলেন, “কামরুলের মাথায়, ডান হাতে এবং দুই পায়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তার পায়ের রগ কেটে গেছে।”

জেলা বিএনপির সভাপতি শাহজাহান মিয়া জানিয়েছেন, কামরুল ধাইনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। তার বাড়ি উপজেলার চককীর্তি ইউনিয়নের লাঘাটা গ্রামে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে কামরুল বাজার করতে বের হন। এ সময় অস্ত্রধারী দুর্বৃত্তরা তাকে ধরে নিমতলার মন্দির এলাকায় নিয়ে যায়। সেখানে দড়ি দিয়ে বেঁধে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়।

পরে হাত-পা বাঁধা অশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এলাকাবাসী।