লোহাগাড়ায় যুবদল নেতা গ্রেপ্তার
বিরোধী দলীয় জোটের হরতাল-অবরোধে নাশকতার অভিযোগে চট্টগ্রামের লোহাগাড়ায় যুবদলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার বিকাল সাড়ে চারটায় উপজেলার আমিরাবাদ এলাকা থেকে গ্রেপ্তার ফজলুল হক ফজু চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং লোহাগাড়া উপজেলা কমিটির সভাপতি।
লোহাগাড়া থানার ওসি মোহাম্মদ শাজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লোহাগাড়া এলাকায় সাম্প্রতিক হরতাল-অবরোধ চলাকালীন সময়ে নাশকতা, ভাংচুরসহ বিভিন্ন অভিযোগে দায়ের কার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে।
মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা দেলোয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর বিভিন্ন সময়ে বিরোধীদলের কর্মসূচি চলাকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতাকনিয়া ও লোহাগাড়া অংশে জামায়াত-শিবির ও বিএনপিকর্মীরা ব্যাপক তাণ্ডব চালায়।
