মানিকগঞ্জে রোববার সন্ধ্যা থেকে ২৪ ঘণ্টার হরতাল
কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে গ্রেপ্তার এবং ভোটার তালিকায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে রোববার সন্ধ্যা থেকে মানিকগঞ্জে ২৪ ঘণ্টার হরতাল ডেকেছে ছাত্রদল।
রোববার জেলা ছাত্রদলের সহ সভাপতি মো. শাহীন হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার সন্ধ্যা ৬টা থেকে সোমবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত ২৪ ঘণ্টার এ হরতাল ডাকা হয়।
বেলা ১২ টার দিকে হরতালের সমর্থনে জেলা শহরে বিক্ষোভ মিছিল বের করে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। এর পর শহরের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে।
জেলা ছাত্রদলের সহ-সভাপতি ফজলুল করিম খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সহ-সভাপতি শহীদ হোসেন, যুগ্ম সম্পাদক আব্দুল খালেক ও আইনবিষয়ক সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।
সমাবেশেও একই দাবিতে হরতালের ঘোষণা দেয় ছাত্রদল।
