২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যথাসময়েই নির্বাচন: আমু

কোনো দল নির্বাচন বয়কট করলেও যথাসময়েই তা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ভূমি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আমির হোসেন আমু।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2013, 05:38 PM

Updated : 23 Aug 2022, 07:25 PM

রোববার সচিবালয়ে এক সভা শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, “নির্বাচনে কোন দল আসল না আসলো এটা কোনো ব্যাপার না। গণতান্ত্রিক প্রক্রিয়া চলতে থাকবে। নির্বাচনে জনগণের অংশগ্রহণ হলো ব্যাপার।”  

বিরোধীদল নির্বাচনে না আসায় সরকার একদলীয় নির্বাচনের দিকে যাচ্ছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের বর্ষীয়ান এই নেতা বলেন, “নির্বাচন এক দলীয় নয়, আওয়ামী লীগ ছাড়া অনেক দল এতে অংশগ্রহণ করছে। তরিকত ফেডারেশনসহ কয়েকটি ইসলামী দলও নির্বাচনে অংশ নিচ্ছে, যারা আমাদের জোটের নয়।”

দশম জাতীয় সংসদ নির্বাচন সর্বদলীয় সরকারের অধীনে অনুষ্ঠানে অনড় ক্ষমতাসীন আওয়ামী লীগ। অন্যদিকে বিএনপি ও এর শরিকরা বলছে, নির্দলীয় সরকার ছাড়া তারা কোনো নির্বাচনে অংশ নেবে না।

নিবন্ধিত অধিকাংশ দলের নির্বাচনে না আসা প্রসঙ্গে মন্ত্রী বলেন, “যে কয়টা দলই আসুক, নির্বাচন যথাসময়ে হবে।”

বিরোধীদলের সাথে সমঝোতার বিষয়ে আমু বলেন, “আমরা সমঝোতার চেষ্টা করছি, বিদেশিরাও করছে। সমঝোতা হলে ভাল।

সমঝোতা হতে পারে রাজনৈতিক, তবে যুদ্ধাপরাধীদের বাঁচানোর ব্যাপার কোনো সমঝোতা হবে না।”

সমঝোতা হলে তফসিল পরিবর্তন করা সম্ভব হবে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, “এটি নির্বাচন কমিশনের ব্যাপার।”

বিরোধীদলের আন্দোলনের সমালোচনা করে তিনি বলেন, “যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া বানচাল করতেই এ আন্দোলন।বিরোদীদল আন্দোলনের মাধ্যমে গণহত্যায় লিপ্ত হয়েছে, ১৯৭১ সালে গণহত্যার এ চিত্র দেখা গেছে।”