আওয়ামী লীগের ফাঁদে বিএনপি: সেলিম
সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, জামায়াতে ইসলামীর প্ররোচনায় বিএনপি ক্ষমতাসীন আওয়ামী লীগের ‘ফাঁদে’ পা দিয়েছে।
রাজনৈতিক সংঘাত বন্ধের দাবিতে শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে সিপিবি-বাসদের অবস্থান কর্মসূচির পর শাহবাগে ‘সহিংসতা প্রতিরোধে জনতা’র ব্যানারে সমাবেশে বক্তব্যে তিনি একথা বলেন।
অবস্থান কর্মসূচিতে বক্তব্যে বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান দুই দলের এই ‘অপরাজনীতির’ বিরুদ্ধে জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
দুই প্রধান দলকে সমঝোতায় আনতে দুই নেত্রীর সঙ্গে বৈঠক করে সাড়া না পাওয়া সিপিবি সভাপতি বলেন, “আওয়ামী লীগ মনে করছে, জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।নির্বাচনে বিজয় সম্ভব নয়। তাই তারা একতরফাভাবে নির্বাচন দিয়ে বিজয় নিশ্চিত করতে চাচ্ছে।
“অন্যদিকে বিএনপি সেই চ্যালেঞ্জ গ্রহণ না করে আওয়ামী লীগের ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়েছে।এর কারণ তাদের কাঁধে ভর করে আছে জামাত, যারা দেশে একটি সাংবিধানিক সঙ্কট তৈরি করে উদ্দেশ্য হাসিল করতে চায়।”
বিএনপির চলমান আন্দোলনের সমালোচনাও করেন সিপিবি সভাপতি।
“বিএনপি যা করছে, তা আন্দোলন নয়। আন্দোলনের উদ্দেশ্য হলো জনগণকে সম্পৃক্ত করা। কিন্তু তাদের আন্দোলনে মানুষ সম্পৃক্ত না হয়ে রাজপথ থেকে ঘরের ভেতরে ঢুকছে।”
নির্বাচন নিয়ে সমঝোতায় না আসার জন্য দুই দলের সমালোচনা করে তিনি বলেন, “আওয়ামী লীগ যখন দেশবিরোধী টিকফা চুক্ত সই করল, তখন বিএনপি মুহূর্ত দেরি না করে তাতে পূর্ণ সমর্থন ব্যক্ত করল।
“দেশবিরোধী ব্যাপার নিয়ে যদি সমঝোতা হতে এক মিনিটও সময় না লাগে, তাহলে নির্বাচন নিয়ে সমঝোতা হচ্ছে না কেন?”
“আসলে তারা দেশের জন্য নয়, লুটপাটের রাজনীতি করতে চায়। আওয়ামী লীগ আরো লুট করতে চায়, অন্যদিকে বিএনপি মনে করছে, এখন তাদের লুটের সময় হয়ে এসেছে। তাই ছাড় নয়।”
শাহবাগের সমাবেশে খুশী কবির, শিপ্রা বোস, সহিংসতা প্রতিরোধে জনতার পক্ষে পারভেজ আলম বক্তব্য রাখেন।
