সহিংস পথ পরিহারের আহ্বান চট্টগ্রামে
সহিংসতার পথ থেকে সরে আসতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছে জেগে ওঠো বাংলাদেশ নামে একটি সংগঠন।
শনিবার বিকালে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত নাগরিক সমাবেশ ও মৌন মিছিল থেকে রাজনৈতিক দলগুলোর প্রতি এ আহ্বান জানানো হয়।
বক্তারা বলেন, বর্তমানে রাজনৈতিক কর্মসূচির নামে যে সহিংস পরিস্থিতি তৈরি হয়েছে তা কোন সভ্য দেশে চলতে পারে না। রাজনৈতিক কর্মসূচি থেকে কথায় কথায় সংঘর্ষ, আগুনের মধ্য দিয়ে মানুষ হত্যা, যানবাহন ভাংচুর আগুন দেয়া হচ্ছে।
“এত সহিংস পরিস্থিতির পরও দেশের রাজনৈতিক দলগুলোর নেতাদের কোন বিকার নেই। যে জনগণের জন্য রাজনীতি সেই কর্মসূচি থেকেই সাধারণ মানুষকে হত্যা করা হচ্ছে।”
সমাবেশ থেকে সকল প্রকার সহিংসতা জ্বালাও পোড়াও এবং নৈরাজ্যকারীদের বিরুদ্ধে ঘৃণা জানানোর পাশাপাশি ঐক্যবদ্ধভাবে প্রতিরোধের দাবি জানানো হয়।
সমাবেশে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন চট্টগ্রাম কেন্দ্রের সাবেক সভাপতি প্রকৌশলি দেলোয়ার মজুমদার, মুক্তিযোদ্ধা সংসদ, চট্টগ্রামের কমান্ডার মো. শাহাবুদ্দিন, চট্টগ্রাম জেলা পিপি আবুল হাশেম, ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন, সাবেক কাউন্সিলর শহীদুল আলম, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি তপন দত্ত, অধ্যাপক ইদ্রিস আলী, উদীচীর কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. চন্দন দাশ, জেলা সাধারণ সম্পাদক সুনীল ধর, সাংবাদিক হাসান ফেরদৌস, চৌধুরী ফরিদ, শরীফ চৌহান, প্রমা আবৃত্তি সংগঠনের সভাপতি রাশেদ হাসান, জনউদ্যোগের শ্যামল মজুমদার,
সংহতি প্রকাশ করে কর্মসূচিতে অংশ নেয় ছাত্র ইউনিয়ন, ছাত্রমৈত্রী, উদীচী শিল্পী গোষ্ঠী, জনউদ্যোগসহ বিভিন্ন সংগঠন।
সমাবেশ শেষে সহিংসতা বন্ধের দাবি জানিয়ে একটি মৌন মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
